নিউজ ডেস্ক।।
শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ছে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে লেনদেনের সময় ৩০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। আগামী রোববার থেকে সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে টানা চলবে বেলা আড়াইটা পর্যন্ত। তাতে বাজারে লেনদেন হবে সাড়ে চার ঘণ্টার। আজও শেয়ারবাজারে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ৪ ঘণ্টার লেনদেন হয়েছে। স্বাভাবিক সময়েও নিয়মিত চার ঘণ্টার লেনদেন হয়েছিল বাজারে। করোনায় ৬৬ দিন লেনদেন বন্ধের ক্ষতি পোষাতে তাই লেনদেনের সময় ৩০ মিনিট বাড়ানো হচ্ছে।
বাজার ঊর্ধ্বমুখী ধারায় থাকায় দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ লেনদেনের সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে লেনদেনের সময় বাড়ানোর এ তথ্য জানানো হয়। ডিএসই জানিয়েছে, বাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীর চাহিদার পরিপ্রেক্ষিতে লেনদেনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার কারণে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল।
এদিকে দুই বাজারে আজ সূচক ও লেনদেনের বড় উত্থান হয়েছে। ঢাকার বাজারের প্রধান সূচকটি বেড়েছে ৫৮ পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ। লেনদেন ছাড়িয়েছে ৮৩৬ কোটি টাকা। চট্টগ্রামের বাজারের প্রধান সূচকটি বেড়েছে ১৭২ পয়েন্ট বা দেড় শতাংশ। সিএসইতে আজ লেনদেন গতকালের চেয়ে প্রায় তিন গুণ বেড়ে হয়েছে ৪৯ কোটি টাকা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
