মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
আশির দশকের বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সাত্তার (৭২) আর নেই। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শেষ ইচ্ছে অনুযায়ী নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় পারিবারিক কবরস্থানে নায়ক সাত্তারকে দাফন করা হবে।।
তিনি বেড়ে উঠেছেন নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়ার ফুল কুটিরে। বর্তমানে গোগনগরে বাস করতেন। চলচ্চিত্রে নতুন মুখের সন্ধানে ইন্টারভিউ দিয়ে সুযোগ পেয়েছিলেন তিনি।
এরপর‘পাগলী’, ‘রঙ্গীন রূপবান’, ‘রঙ্গীন কাঞ্চনমালা’, ‘ঘর ভাঙা সংসার’, ‘রঙ্গীন রাখালবন্ধু’, ‘রঙ্গীন আলোমতি প্রেমকুমার’, ‘পাতাল বিজয়’, ‘রাজবধূ’, ‘রঙ্গীন সাতভাই চম্পা’, ‘ভিখারীর ছেলে’, ‘মধুমালা মদনকুমার’, ‘বেদকন্যা পঙ্খিরানী’, ‘মোহনবাঁশি’, ‘রঙ্গীন অরুণ বরুণ কিরণ মালা’, ‘জেলের মেয়ে রোশনী’, ‘বনবাসে বেদের মেয়ে জোছনা’, ‘ভালোবাসার যুদ্ধ’, ‘ইজ্জতের লড়াই’, ‘স্বামীহারা সুন্দরী’ এবং ‘চাচ্চু আমার চাচ্চু’ সহ প্রায় ১১০ টির মতো ছবিতে অভিনয় করেছেন ।
সাদা কালোর যুগের জনপ্রিয় ফোক ছবিগুলো আশির দশকে রিমেক হলেই নায়ক সাত্তার এর ডাক পরতো।
প্রয়াত সাত্তারের স্ত্রী কাকলী সাত্তার জানান, সন্ধ্যায় রাজধানীর গ্রীনলাইফ মেডিকেল কলেজের আইসিইউতে নেয়ার সময় তার মৃত্যু হয়। তিনি এর আগে তিনবার ব্রেনস্টোকে আক্রান্ত হন। ২০১৮ সাল থেকে তিনি শয্যাশায়ী। পাশাপাশি একাধিক রোগে ভুগছিলেন। বছর ছয়েক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন নায়ক সাত্তারকে। সেই টাকায় চিকিৎসা ও সংসার চলতো তাদের।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
