করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণে শিক্ষার ক্ষেত্রে বিশ্ব এক ‘প্রজন্মগত বিপর্যয়ের’ মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এমনি এটিকে শিক্ষার ইতিহাসে বড় বিপর্যয় হিসেবও উল্লেখ করেছেন তিনি।
৪ আগস্ট, মঙ্গলবার করোনাকালে শিক্ষাক্ষেত্রে জাতিসংঘের কৌশল নির্ধারণ সংক্রান্ত ‘শিক্ষা ও কভিড-১৯’ শীর্ষক এক আলোচনায় জাতিসংঘের মহাসচিব এসব কথা বলেন। এ সময় তিনি আনলাইনের মাধ্যমে ওই অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন। এমন খবর প্রকাশ করেছে পিটিআই ও মানিকন্ট্রোল।
এ সময় আন্তোনিও গুতেরেস বলেন, করোনা মহামারীর কারণে স্কুল বন্ধ থাকায় শিক্ষার ক্ষেত্রে বিশ্ব এক ‘প্রজন্মগত বিপর্যয়ের’ মুখে পড়েছে। শিক্ষার ইতিহাসে এটি সবচেয়ে বড় বিপর্যয়।
তিনি আরো বলেন, এই মহামারীর কারণে বিশ্বের ১৬০ কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবনে বিপর্যয় নেমে এসেছে। করোনার প্রভাবে অর্থনৈতিক ক্ষতির শিকার হয়ে আগামী বছর অন্তত ২ কোটি ৩৮ লাখ শিশু-কিশোর শিক্ষাজীবন থেকে ঝরে পড়বে বা স্কুলে যেতে পারবে না।
গুতেরেস আরো বলেন, শিক্ষাই হচ্ছে ব্যক্তিগত উন্নয়নের মূল চাবিকাঠি আর সমাজের ভবিষ্যত। এবার শিক্ষার ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম বিপর্যয় ঘটিয়েছে করোনা। শিক্ষার্থীদের নিরাপদে শ্রেণিকক্ষে ফিরিয়ে নেওয়াই হবে এখনকার ‘অন্যতম শীর্ষ অগ্রাধিকার’।
তিনি আরো বলেন, জুলাইয়ের মাঝামাঝি থেকে ১৬০টি দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর কারণে প্রায় ১০০ কোটি শিশু শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়েছে, অন্তত ৪ কোটি শিশুর জীবন থেকে প্রি-স্কুল হারিয়ে গেছে।
জাতিসংঘের এই মহাসচিব বলেন, করোনার স্থানীয় সংক্রমণ যখনই নিয়ন্ত্রণে আসবে, তখনই যতটা নিরাপদে সম্ভব স্কুল শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে নেয়াই হবে অন্যতম প্রধান কাজ। এজন্য অভিভাবক, বাহক, শিক্ষক ও তরুণদের আলোচনা করা জরুরি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
