ঢাবি সাংবাদিক সমিতির সা.সম্পাদকের ওপর হামলায় প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১২-২০১৩ সেশনের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেনের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

কোরবানির গোশত বণ্টনের অনিয়মের প্রতিবাদ করায় ঈদের দিন স্থানীয় মেম্বার তার ওপর এ হামলা চালায়। এ ঘটনায় ১ আগস্ট রাতে ঢাবি ছাত্র ইউনিয়নের দফতর সম্পাদক আদনান আজিজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানানো হয়।

যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ ও সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, নিজ বাড়ি ঝিনাইদহের মহেশপুর থানার অন্তর্গত বাঁশবাড়ি ইউনিয়নের গাড়াপোতা গ্রামের স্থানীয় মেম্বার কর্তৃক নৃশংসতার শিকার ইমরান ও তার ছোট ভাই আকরাম। তাদের দোষ ছিল তারা অন্যায়ের প্রতিবাদ করেছেন। পবিত্র ঈদের দিন কোরবানির গোশত নিয়েও অনিয়ম হচ্ছে। গ্রামের দুঃখী-দুস্থদের কোরবানির গোশত নিয়ে অনিয়ম করা বৈধতা পায়, যখন হামলাকারী নির্বিঘ্নে চলাচল করে আর সাংবাদিক ইমরান প্রতিবাদ করায় হাসপাতালের বেডে শুয়ে কাতরায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুততম সময়ে হামলার সঙ্গে যুক্ত মেম্বারকে গ্রেফতার ও শাস্তির আওতায় আনার দাবি জানাই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.