পাঠ্য থেকে পাঠাগারে পরিণত হয়েছেন শেক্সপিয়র

নিজস্ব প্রতিবেদক।।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মাসিক সাহিত্য সেমিনার এখন ডিজিটাল ফোরামে চালু হয়েছে।

সম্প্রতি ‘জুম’ অনলাইন মিডিয়ামে এই ওয়েবিনার সিরিজের উদ্বোধন এবং সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান।

ওয়েবিনার সিরিজের প্রথম পর্বে প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহীত উল আলম তার ‘অন এডিটিং আ শেক্সপিরিয়ান টেক্সট : ফ্রম দ্য সেভেনটিনথ সেঞ্চুরি টু দ্য পোস্ট-মডার্নটাইম’ শীর্ষক প্রবন্ধটি নিয়ে আলোচনা করেন।

সহকারী অধ্যাপক শহীদুল আলম চৌধুরী ও প্রভাষক দুহিতা চৌধুরীর সঞ্চালনায় এই পর্বে ড. মোহীত উল আলম তার আলোচনায় বলেন, শেক্সপিয়রের নাটকের সম্পাদনা এক প্রকারের ‘প্যারাটেক্সটুয়াল’ বৈশিষ্ট্যকে প্রশ্রয় দেয়।

সপ্তদশ শতক থেকে শুরু করে সমসাময়িক কাল পর্যন্ত বিভিন্ন সম্পাদক উইলিয়াম শেক্সপিয়রের নাটককে তাদের কাল ও সমাজের ছাঁচে ফেলার প্রয়াস দেখিয়েছেন। এতে করে উইলিয়াম শেক্সপিয়র নিজেই পাঠ্য থেকে পাঠাগারে পরিণত হয়েছেন।

ড. মোহীত উল আলম আরও বলেন, শেক্সপিয়র কোন ‘প্রজেক্ট’ না যে তাকে পড়ে বা গবেষণা করে শেষ করা যাবে। বরং শেক্সপিয়র একটি চলমান প্রক্রিয়ার নাম যাকে আবিষ্কার করার এখনো রয়েছে বাকি।

ড. মোহীত উল আলম মন্তব্য করেন, শেক্সপিয়রকে বিশদভাবে এবং পরিপূর্ণভাবে পাঠ করলেই তার ভাষা, যতি এবং বাক্য সম্পর্কে জানা যাবে। এমনকি সম্পাদকের সংযোজনও ভিন্নভাবে বোঝার উপায়ই হলো শেক্সপিয়রের মূল লেখা পাঠ করা।

ওয়েবিনার সিরিজের প্রথম পর্বে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষিকাসহ দেশ-বিদেশের সাহিত্য পিপাসুদের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল। উপস্থিত ছিলেন নেপালের শেক্সপিয়র বিশেষজ্ঞ অধ্যাপক ড. সংগীতা রায়ামাঝি এবং প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ড. অরুণ গুপ্ত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.