নিজস্ব প্রতিনিধি।।
অনেক বছর ধরেই নিজেদের হারিয়ে খুঁজছে বাংলাদেশ ফুটবল দল। কালেভদ্রে দুই-একটা চমক দেখালেও সেটা দীর্ঘস্থায়ী হয় না। দলের প্রধান কোচ জেমি ডের বিশ্বাস সুদিন ফিরবে ফুটবলে। নতুন দিনের স্বপ্ন দেখছেন তিনি। সম্প্রতি ফিফার ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে এভাবেই বাংলাদেশ ফুটবলের বর্ণনা করেছেন।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে চার ম্যাচে জামাল ভূইয়াদের সংগ্রহ মোটে এক পয়েন্ট। বাকি আছে আরো চারটি ম্যাচ। ওই ম্যাচগুলোতে ভালো করার তাগিদ দিলেন ব্রিটিশ কোচ। বাছাইয়ের চারটি ম্যাচের জন্য আসন্ন ঈদের পরই গাজীপুরে একটি রিপোর্টে অনুশীলন ক্যাম্প শুরু করবে জাতীয় ফুটবল দল। অক্টোবরে শুরু মাঠের খেলা।
গ্রুপপর্বে বাংলাদেশের চার প্রতিপক্ষ হচ্ছে ভারত, কাতার, আফগানিস্তান ও ওমান। এদের মধ্যে প্রথম দলটাকে তাদেরই মাঠে রুখে দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। হেরেছে বাকি তিন প্রতিপক্ষের কাছে। গ্রুপে বাংলাদেশ যে সবচেয়ে দুর্বল দল সেটা মানছেন জেমি ডে। গণমাধ্যমকেও সেই বাস্তবতা বুঝিয়েছেন তিনি।
ফিফার ওয়েবসাইটে সাক্ষাৎকারে ব্রিটিশ কোচ বলেছেন, ‘আমাদের বাস্তবমুখী হতে হবে। এটা মানতে হবে যে গ্রুপে অন্যদের চেয়ে আমরাই সবচেয়ে সবচেয়ে দুর্বল দল। ফিফা র্যাঙ্কিংয়েও তারা আমাদের ওপরে আছে। আমরা আগের চার ম্যাচে ভালো খেলেছি। আরো ভালো খেলতে পারতাম এবং আরো পয়েন্ট পেতে পারতাম।’
ব্রিটিশ কোচের দাবি গেল দুই বছরে উন্নতি হয়েছে বাংলাদেশ ফুটবল দলের। আগামী দুই বছরে শিরোপা জয়ের প্রতিশ্রুতি দিলেন তিনি। তার বিশ্বাস ক্রিকেটের মতো ফুটবলেও পরাশক্তি হয়ে উঠবে বাংলাদেশ। জেমি বলেছেন, ‘দুই বছর আগে দলের অবস্থা বাজে ছিল। এতদিনে আমরা অনেকটা এগিয়েছি। আগামী দুই বছরের মধ্যে আমাদের ট্রফি জয়ের আশা করা উচিত।’
জামালদের প্রধান কোচ আরো বলেছেন, ‘আমি মনে করি বাংলাদেশে এখনো ফুটবল জনপ্রিয়। ক্রিকেট উন্নয়ন, স্পনসর ও অবকাঠামোগত দিক থেকে অনেক এগিয়েছে। ফুটবলেও তৃণমূল থেকে পেশাদার ক্লাব পর্যায়ে উন্নতি করতে হবে। তাতে খেলাটির উন্নতি হবে এভং প্রতিভাবান ফুটবলার বেরিয়ে আসবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
