নিজস্ব প্রতিনিধি।।
করোনা পরিস্থিতির মধ্যে এখনো বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে অনলাইনে ক্লাস শুরু করেছে সরকারি ও কিছু বেসরকারি প্রতিষ্ঠান। কিন্তু এতে বিপাকে পরেছেন দরিদ্র শিক্ষার্থীরা। কারণ অনলাইন ক্লাসের জন্য প্রয়োজন কম্পিউটার বা ল্যাপটপ বা স্মার্টফোন আর ইন্টারনেট। এসব না থাকলে অনলাইনে ক্লাস করা সম্ভব নয়।
তাই ভারতের হিমাচল প্রদেশের জ্বালামুখী এলাকার এক ব্যক্তি তার সন্তানদের পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য শেষ সম্বল একটি গরু বিক্রি করে তাদের স্মার্টফোন কিনে দিয়েছেন। এই গরুটির দুধ বেঁচেই কুলদীপ কুমার নামে ওই ব্যক্তির সংসার চলত।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালামুখীর গুমার গ্রামে কুলদীপ কুমারের বসবাস। সম্বল বলতে ছিল ওই গরুটাই। সেই গরুর দুধ বেচেই তার সংসার চলত। কিন্তু তার থেকেও জরুরি সন্তানদের লেখাপড়া।
করোনাভাইরাস মহামারির মধ্যে ভারতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে অনলাইন ক্লাসের মাধ্যমে বাড়ি থেকেই চলছে পড়াশোনা। এর জন্য দরকার একটি স্মার্টফোন। আর কুলদীপের কোনো স্মার্টফোন ছিল না। তাই তার সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পথে। কুলদীপের দুই সন্তানের আন্নু পড়ে চতুর্থ শ্রেণিতে আর দিপ্পু দ্বিতীয় শ্রেণিতে। স্কুল থেকে বারবার স্মার্টফোন কিনতে বলা হয়।
স্কুলকে কুলদীপ জানিয়েছিলেন, স্মার্টফোন কেনার মতো অর্থ নেই তার কাছে। কিন্তু অনলাইন ক্লাস করার জন্য ফোন ছাড়া উপায়ও তো নেই। টাকা জোগাড়ের চেষ্টাও কম করেননি কুলদীপ। কিন্তু কেউই সাহায্য করেননি। তাই শেষ পর্যন্ত একমাত্র সম্বল গরু বিক্রি করেই জোগাড় করেছেন স্মার্টফোন কেনার অর্থ।
তবে সংবাদমাধ্যমে এ খবর দেখেজ্বালামুখীর বিধায়ক রমেশ ধাওয়ালা কুলদীপকে আর্থিক সাহায্য করার জন্য বিডিও এবং এসডিএমকে নির্দেশ দিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
