নিজস্ব প্রতিবেদক :
সদ্যপ্রয়াত কিংবদন্তী শিল্পী এন্ড্রু কিশোরের সঙ্গে নানা সম্পর্কের গল্প, হাসি-ঠাট্টা, আনন্দের মূল্যবান স্মৃতি রয়েছে অনেকের। এর ভেতরে কেউ বন্ধু, কেউ সহকর্মী আর বিশ্বজোড়া অগণিত ভক্তকূল। কিন্তু জীবনের শেষ সময়ে, সবচেয়ে কঠিনতম দিনগুলোতে যার কাছে শিল্পী এন্ড্রু কিশোর সুখ-দুঃখের কথা শেয়ার করেছেন। চিকিত্সারত অবস্থায় সবকিছু অকপটে বলেছেন তিনি সিঙ্গাপুর প্রবাসী বাঙালি ব্যবসায়ী মোহা:সাহিদুজ্জামান টরিক। শিল্পীর শেষ জীবনে একান্তে কাটানো স্মৃতি নিয়ে লিখেছেন তিনি। পাঠকদের জন্য তুলে ধরা হলো সেই অমূল্য স্মৃতিগদ্য। আজ প্রকাশ করা হলো দ্বিতীয় কিস্তি—
সিঙ্গাপুরে আমাদের সফল অনুষ্ঠান শেষে এন্ড্রু দাকে দেখলাম বেশ ভালো বোধ করছেন। এর ভেতরে বেশ ক’বার কথা হলো। দাদার শরীর উন্নতির দিকে। ২০১৯-এর মার্চ। মিতালী মুখার্জি তখন সিঙ্গাপুরে। দাদা আমাকে ফোন করলেন।
—‘শাহেদ তোমার বৌদির জন্মদিন, আমরা একসঙ্গে কোথাও খাবো। আর তো বেশিদিন মনে হয় থাকতে হবে না আমাকে। শরীরটা ভালোর দিকে। যাই হোক, আমরা একসঙ্গে বৌদির জন্মদিন সেলিব্রেট করবো। তুমি চলে এসো।’
দাদাকে সেদিন খুব হাসি-খুশি দেখলাম। খুবই ভালো লাগলো। মার্চ মাসে ডাক্তার জানালেন তিনি একেবারেই জীবানু মুক্ত। ঝুঁকি মুক্ত। কিছু নিয়মিত ওষুধ দিলেন। বললেন, দেশে ফিরে নিয়মিত ওষুধ-পথ্য নিলেই হবে। দাদার এই খবর শুনে মনটা হালকা হলো। দাদা হোটেল রুমে এসে বললেন, ‘শাহেদ আমি তো নতুন জীবন পেলাম। এবারে দেশে ফিরে কিছু কাজ করতে হবে। তুমি তোমার অফিসের কাজ শেষ করে আমার রুমে আসো। একসঙ্গে কিছু প্ল্যান করবো। জরুরি কথা আছে।’
আমি কাজ শেষ করে আমাদের সাহিদ অ্যাপার্টমেন্টে দাদার রুমে গেলাম। দাদা আমাকে বসতে বললেন। নানা পরিকল্পনার কথা বললেন। দেশে ফিরে ক্যান্সার হাসপাতালের জন্য উদ্যোগ নেবেন তিনি। এটাই তার একান্ত চাওয়া। তিনি বললেন, ‘তোমার শহরেই কনসার্ট দিয়ে এর যাত্রা শুরু করবো। অনষ্ঠান পরিকল্পনা, শিল্পী সব আমি অ্যারেঞ্জ করবো। তুমি প্রস্তুত হও।’
আমি বললাম, দাদা সব হবে। আপনি কিছুদিন রেস্ট নিন প্লিজ।
—আমি ভালো আছি সাহিদ। যে ক’দিন বাঁচি কাজ করতে হবে। সময় বেশি পাবো না।
দাদা দুই লাইন কথা বলেন তো তৃতীয় লাইনে বলতে থাকেন সাহিদ তুমি আমার জন্য যা করলা। সত্যিই কী যে বলবো। এ রকম কয়েকবার বলতে লাগলে আমি দাদাকে থামিয়ে বললাম, দাদা এ আমার জন্য সৌভাগ্য, সুযোগ। আপনি যদি এভাবে বারবার বলতে থাকেন তাহলে আপনার কাছেই আর আসবো না।
এরপর কতরকম প্রসঙ্গে আলাপ। একটা মানুষ তার বেঁচে থাকার প্রেরণা পেয়ে কতটা দৃঢ়, সাহসী আর উচ্ছ্বল হয়ে যায় চোখের সামনে দেখলাম। আড্ডা-আলাপ শেষে দাদার রুম থেকে আমি বেরিয়ে এলাম। এর পরদিন মনে হয় প্রতি ২ ঘণ্টা অন্তর অন্তর ফোন করা শুরু করছেন দাদা। একবার ফোন করে বলেন, ‘সাহিদ আমি সাবিনাকে বলেছি। মানে সাবিনা ইয়াসমিন। আরো সবাইকে বলবো। সবাই কনসার্টে গাইবে। চুয়াডাঙায় একটা ঐতিহাসিক কনসার্ট করতে হবে। তুমি সব অ্যারেঞ্জ করো। কেউ টাকা নেবে না। সারাদেশে আমি কনসার্ট করে টাকা জোগাড় করবো।’
আবার কিছুক্ষণ পর ফোন।—‘সাহিদ শোনো, হাসপাতালের একটা প্ল্যান রেডি করতে হবে। প্রশাসনে আমি কথা বলেছি। সরকার থেকে জায়গা-জমির ব্যাপারে হেল্প পাওয়া যাবে। দ্রুত কাজ শুরু করতে হবে। আমি সব শিল্পীদের সঙ্গে কথা বলেছি। হানিফ সংকেতের সঙ্গেও কথা হলো। সবাই থাকবে। তোমার চুয়াডাঙায় থাকার ব্যবস্থা করে ফেলো। আমি গিয়েই প্রথম শোটা করবো চুয়াডাঙায়। ডেট ফাইনাল করতে হবে।’
আমি বললাম, দাদা ওখানে আমার হোটেল আছে। সেটাও সংকুলান না হলে ব্যবস্থা করা যাবে। এসব নিয়ে কোনো টেনশন করবেন না প্লিজ।
আমার মনে আছে টানা কয়েকদিন দাদা প্রায় প্রতি ঘণ্টায় ফোন করছেন আর আপডেট দিচ্ছেন আমাকে। তিনি এন্ড্রু কিশোর। সারাজীবন সারাবিশ্ব ঘুরেছেন। কতকিছু সামলেছেন। কোলাহলের ভেতরে থেকেছেন। আজ হোটেল রুমে একা একা বিভিন্ন জায়গায় ফোন করে সব খোঁজখবর নিচ্ছেন। মানুষটার ভেতরের অস্থিরতা বুঝতে পারছি।
আমি আমার ছোটভাই আর বৌদিকে নিয়ে ফিরতি টিকেট করানোর ব্যবস্থা করলাম। কারণ তখন করোনার কারণে ফ্লাইট সীমিত। টিকেট পাওয়া যাচ্ছিল না। যাই হোক, সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকেট বুক করলাম। সব প্রস্তুত। টিকেট হলো।
ক’দিন পর হঠাত্ করেই এন্ড্রু দার শরীরটা খারাপ করলো। দাদাই বললেন, টিকেটটা ক্যানসেল করো সাহিদ। আরো কদিন পরে যাই।’
আমি টিকেট ক্যানসেল করালাম। এরপরের ঘটনা তো বৌদির ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেশবাসী জানেন নিশ্চয়ই। টিকেট ক্যানসেল করার পর যেদিন ডাক্তাররা বললেন ভাইরাস সারা শরীরে ছড়িয়ে পড়েছে। বাঁচার আর আশা নেই! দাদা ডাকলেন আমাকে হোটেল রুমে। আমি গিয়ে দেখলাম বৌদি কেঁদেই চলেছেন। আর উল্টো এন্ড্রু দা তাকে শান্তনা দিচ্ছেন। এত দ্রুততম সময়ে দাদাকে আমি এই আনন্দ, এই ভেঙে পড়া, আবার নিজেকে শক্ত করে ধরে রাখার মতো সাহসী হিসেবে দেখলাম, সত্যিই বলে বোঝাতে পারবো না ।
লেখক: ব্যবস্থাপনা পরিচালক, শাহিদ গ্রুপ
সাবেক সভাপতি সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি ও বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
