৬৮০০ বছর পর আজ দেখা মিলবে যে ধূমকেতুর!

পৃথিবীর দিকে ছুটে আসছে ধূমকেতু নিওওয়াইস। ১৪ জুলাই, মঙ্গলবার দেখা দেখা যাবে এই ধূমকেতু! মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, ৬৮০০ বছর পর দেখা মিলবে এই ধূমকেতুর। সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবীর দিকে এগোচ্ছে ধূমকেতুটি।

বিজ্ঞানীরা বলছেন, দুরন্ত গতিতে ধূমকেতুটি পৃথিবীর দিকে এগিয়ে আসছে। সাধারণত এ ধরনের দৃশ্য দেখার জন্য দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। কিন্তু এক্ষেত্রে একেবারে খালি চোখেই দেখা যাবে সেই দৃশ্য।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন’এর খবরে বলা হয়, বিড়লা তারামণ্ডলের কর্মকর্তা দেবীপ্রসাদ দুয়ারি বলেন, ‘গত ২৭ মার্চ ধূমকেতুটি আবিষ্কৃত হয়েছিল। সূর্যকে একবার চক্কর দিয়ে পৃথিবীর কাছাকাছি চলে আসছে। এটি খুব উজ্জ্বল। খালি চোখেই দেখা যাবে।’

নিওওয়াইস পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে আগামী ২২ জুলাই। সেদিন ভূপৃষ্ঠ থেকে এর দূরত্ব হবে ১০ কোটি ৩৫ লক্ষ কিলোমিটার। সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম দিগন্তের ১০-১৫ ডিগ্রি ওপরে দৃশ্যমান হবে।

ধূমকেতুর চারদিকে জলীয় বরফ, কার্বন ডাই অক্সাইড বরফ, মিথেন বরফের খণ্ড ভেসে বেড়ায়। এগুলোর আয়তন ৫ থেকে ১০-১২ কিলোমিটার পর্যন্ত হয়। এই বরফের খণ্ডগুলো যখন সূর্যের আকর্ষণে, সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে ঘুরে যায়, সূর্যের তাপে বরফ গলে গিয়ে বাস্পীভূত হয়ে কোটি কোটি কিলোমিটার লম্বা ঝাঁটার মতো দেখতে লেজ সৃষ্টি করে। দেবীপ্রসাদবাবু বলছেন, ‘ধূমকেতু সূর্যের যত কাছে থাকে, তত এই লেজ দৃশ্যমান হয়।

এদিকে হিসেব কষে দেখা গেছে, ৬৭৬৬ বছর পর আবার এই নিওওয়াইস সূর্যের কাছাকাছি আসবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.