এইমাত্র পাওয়া

করোনাভাইরাসে স্কুলে ফিরবে না ১ কোটি শিশু

নিউজ ডেস্কঃ
করোনার এ সময়ে বিশ্বজুড়ে প্রায় ৯৭ লাখ শিশু আর কখনও স্কুলে ফিরবে না। করোনা পরিস্থিতি সামলাতে বিশ্বের গরিব দেশগুলো শিক্ষা খাতে খরচ কমাবে। সে অর্থ খরচ করা হবে বাকি জায়গায়। একই সঙ্গে ৯-১২ কোটি শিশুর পরিবার গরিব হবে। শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব জরুরি অবস্থা আসতে চলেছে।

ব্রিটেনভিত্তিক এনজিও সেভ দ্য চিলড্রেনের সাম্প্রতিক প্রতিবেদনে এমন তথ্য বেরিয়ে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্বের ১২টি দেশের অবস্থা সবচেয়ে খারাপ। এ দেশগুলো হল : পাকিস্তান, আফগানিস্তান, নাইজার, নাইজেরিয়া, সেনেগাল, আইভরি কোস্ট, ইয়েমেন, গিনি, মৌরিতানিয়া, লাইবেরিয়া ও

চাদ। সংগঠনটির হিসাব অনুযায়ী, করোনার কারণে দেশগুলো শিক্ষা খাতে ৭ হাজার ৭০০ কোটি ডলার কাটছাঁট করবে। তার প্রভাব পড়বে প্রায় এক কোটি শিশুর ওপর। তাদের জীবন থেকে স্কুল হারিয়ে যাবে।

ইউনেস্কোর তথ্য উদ্ধৃত করে সংগঠনটি জানিয়েছে, এপ্রিলে ১৬০ কোটি তরুণ-তরুণীর স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ, প্রায় ৯০ শতাংশ ছাত্রছাত্রী করোনার কারণে প্রভাবিত হয়েছে। করোনা পরিস্থিতি ভালো হলে তা আবার খুলবে। কিছু দেশে খুলতেও শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম বিশ্বজুড়ে শিশুদের পুরো

প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় আঘাত লেগেছে। তাই সংগঠনের প্রতিবেদনের শিরোনাম হল- ‘আমাদের শিক্ষা বাঁচাও’। প্রতিবেদন বলছে, নয় থেকে ১১ কোটি ৭০ লাখ বাচ্চা আরও গরিব হবে। এতে তারা আর স্কুলে থাকবে না। তারা বাধ্য হয়ে পরিবারকে সাহায্য করার জন্য কাজ করবে। দরিদ্র হওয়ার কারণে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়ার প্রবণতা বাড়বে। সেই পরিবারে শিশুদের পড়াশোনা করানোর ক্ষমতাও থাকবে না। ফলে প্রায় এক কোটি শিশু আর স্কুলের মুখ দেখবে না।

প্রতিবেদন অনুসারে, ছেলেদের থেকে মেয়েদের অবস্থা আরও খারাপ হতে পারে। লিঙ্গবৈষম্য বাড়বে। মেয়েদের শিশু অবস্থায় বিয়ে দেয়ার প্রবণতা বাড়বে। তারা বাধ্য হবে কম বয়সে গর্ভবতী হতে। এতে পূর্বেকার মতো মাতৃমৃত্যু হার বেড়ে যাবে।-যুগান্তর


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.