রোববার থেকে শুরু হচ্ছে হিফজখানার শিক্ষা কার্যক্রম

নিউজ ডেস্ক ।।

স্বাস্থ্যবিধি মেনে রোববার (১২ জুলাই) থেকে হাফিজিয়া মাদরাসা ও হিফজখানাগুলোর শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে সরকার।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৈশ্বিক কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার কার্যক্রম বন্ধ রয়েছে। হাফেজিয়া মাদ্রাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবচ্ছিন্ন অধ্যাবসায়ের আবশ্যকতার কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করার বিষয়ে কর্তৃপক্ষের নিকট দেশের শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ হতে আবেদন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে সার্বিক অবস্থা পর্যালোচনা করে আবেদনের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে শুধুমাত্র হাফিজিয়া মাদ্রাসা বা হিজফখানার কার্যক্রম ১২ জুলাই থেকে চালু করার অনুমতি প্রদান করা হল।

এ সকল হাফিজিয়া মাদ্রাসা/হিফজখানার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে বলেও ৮ জুলাই-এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর পাওয়া যায়। এরপর এই বৈশ্বিক ভাইরাসের প্রাদুর্ভাবে ১৭ মার্চ থেকে দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.