সীমিত পরিসরে অফিস ৩ আগস্ট পর্যন্ত চলবে

করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় সীমিত পরিসরে যেভাবে অফিস চলছে, তা আগামী ৩ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে, যা আগে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার বিধান ছিল। মানুষকে সচেতন করতে স্বাস্থ্য সেবা বিভাগ এবং তথ্য মন্ত্রণালয় প্রচার-প্রচারণা চালাবে।

মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

আদেশে আরও বলা হয়েছে, রাত ১০টা হতে সকাল ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ব্যতীত (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন বা সৎকার ইত্যাদি) বাসস্থানের বাইরে আসা যাবে না। ঈদুল আযহার সময় স্বাস্থ্য সেবা বিভাগের জারিকৃত স্বাস্থ্যবিধি অনুযায়ী কোরবানীর পশুর হাট আয়োজন অনুমতি প্রদান করা যাবে। এছাড়া অন্যান্য বিষয় সমূহ আগের মতোই মেনে চলতে হবে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে চলা টানা ৬৬ দিনের লকডাউন ওঠার পর গত ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত পরিসরে অফিস খোলার পাশাপাশি গণপরিবহনও চলাচলের অনুমতি দেয় সরকার। পরে এ ব্যবস্থা ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়। সেই মেয়াদ মঙ্গলবার শেষ হয়েছে। ফলে বুধবার থেকে এর মেয়াদ বৃদ্ধি করে ৩ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

তবে অফিস ও গণপরিবহন খোলার পর দেশে করোনা সংক্রমণ বেড়ে গেছে। সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে অনেক কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত। ফলে সরকারি দপ্তরে করোনা আতঙ্ক বিরাজ করছে।

এদিকে মঙ্গলবার দেশে নতুন করে ৩ হাজার ৬৮২ জন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে। এদিন করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ১৮ হাজার ৪২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৬৮২ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৯৮ শতাংশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading