সজল আহমেদ।।
এসএসসির খাতা চ্যালেঞ্জ করে যশোর শিক্ষা বোর্ডে ফেল করা ৪৬ জন পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে দু’জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। একইসাথে আরো ৪৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ হিসেবে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৮১৫ জনে। এছাড়া বিভিন্ন বিভাগে মোট ফলাফল পরিবর্তন হয়েছে ১২৩ জন পরীক্ষার্থীর।
যশোর শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, গত ৭ জুন পর্যন্ত মোট ৩৪ হাজার ২৮৪ জন পরীক্ষার্থী তাদের খাতা পুনঃনিরীক্ষার আবেদন করে।পরীক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে যশোর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষকদের ডেকে খাতা পুনঃনিরীক্ষণের ব্যবস্থা করে। এতে বিভিন্ন বিষয়ের খাতা পুনঃনিরীক্ষা করে মোট ১২৩ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে দু’জন অকৃতকার্য হওয়া পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যা নিয়ে রীতিমত শিক্ষাবোর্ডে হৈ-চৈ পড়ে গেছে। একইসাথে আরো ৪৯ জনের ফলাফল পরিবর্তন হয়ে জিপিএ-৫ হয়েছে। এ হিসেবে যশোর বোর্ডে মোট জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা দাড়াল ১৩ হাজার ৮১৫ জনে। এছাড়া, ফেল করা আরো ৪৪ জন পরীক্ষার্থী পাস করেছে। এ মাইনাস থেকে এ হয়েছে ১৫ জন পরীক্ষার্থী, বি থেকে এ মাইনাস হয়েছে ৫ জন, বি থেকে এ হয়েছে ২ জন, সি থেকে বি হয়েছে ৪ জন শিক্ষার্থী, ডি থেকে এ বিভাগ পেয়েছে ১ জন পরীক্ষার্থী। অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে এ বিভাগ পেয়েছে ৬ জন, এ মাইনাস পেয়েছে ১১ জন, বি পেয়েছে ৬ জন, সি পেয়েছে ৫ জন, ডি পেয়েছে ১৬ জন। মঙ্গলবার যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার খাতা পুন:নিরীক্ষার প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানা যায়।
এ ব্যাপারে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, এসএসসির খাতা পুনঃনিরীক্ষায় ১২৩ পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। কী কারণে খাতা দেখায় এ সমস্যার সৃষ্টি হয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের যদি কোন সমস্যা থেকে থাকে, তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
