নিজস্ব প্রতিবেদক।।
যশোর সিটি ক্যাবেলের মাধ্যমে ৮ম ও ১০ম শ্রেণির ক্লাস চালু করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত এসব ক্লাস চলবে। প্রতি ক্লাসে ২৫ মিনিট করে সময় দেওয়া হচ্ছে। জেলার স্বনামধন্য বিভিন্ন স্কুলের শিক্ষকদের দ্বারা এসব ক্লাস নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৩ জুন) যশোর জিলা স্কুলের শিক্ষক মিলনায়তনে অনলাইনে শ্রেণি পাঠদান বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।
যশোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জিলা স্কুলের প্রধান শিক্ষক একেএম গোলাম আযম, জেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা শিরিন সুলতানা, মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর।
যশোর জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে অনলাইনে পাঠদান কর্মসূচি চালু করা হচ্ছে। সোমবার (২২ জুন) সিটি ক্যাবলের মাধ্যমে ৮ম ও ১০ম শ্রেণির ক্লাস চালু করা হয়। আগামী ৯ জুলাই থেকে ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির ক্লাসও এ প্রক্রিয়ায় নেওয়া হবে। যশোর জেলার শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সংসদ বাংলাদেশ টিভিতে ক্লাস করবে আর সন্ধ্যায় সিটি ক্যাবলে ক্লাস করবে। দু’বার ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের অনেকটা ঘাটতি পূরণ করা সম্ভব হবে। করোনাকালীন সময়ে এভাবেই ক্লাস চলবে। শিক্ষার্থীরা যেন নিয়মিত ক্লাসে অংশ নেয় এ ব্যাপারে শিক্ষকরা খোঁজখবর নেবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
