নিউজ ডেস্ক।।
উপযুক্ত পরিবেশ তৈরি হলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি ও সমমান) নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এইচএসসি পরীক্ষার গ্রহণের সব প্রস্তুতি সরকারের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ২৩ জুন, মঙ্গলবার সংসদ অধিবেশেনে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান মন্ত্রী।
এ সময় ডা. দীপু মনি বলেন, ‘করোনা সংকটকালে অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে পাঠদান করা হচ্ছে। টেলিভিশনের মাধ্যমে শতকরা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি। অনলাইনে পাঠদানে আজ নতুন একটি প্লাটফর্ম চালু করা হবে। সব বিশ্ববিদ্যালয় এটি ব্যবহার করতে পারবে।’
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এরকম সময়ে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও সবাই এই সময়টাকে কাজে লাগাই। পারিবারিক বন্ধনকে আরো সুদৃঢ় করি। নতুন দক্ষতা অর্জন করার চেষ্টা করি। স্বাস্থ্যবিধি মেনে সবার প্রতি মানবিক আচরণ করি।’
এ সময় অনলাইন শিক্ষা সহজলভ্য করতে মোবাইল ও ইন্টারনেটের ওপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী রোধে গত মার্চ মাস থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এ কারণে স্থগিত করা হয় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে পাঠদান চলছে।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৩ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ১৫৪৫ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৪১২ জন। এপর্যন্ত শনাক্ত হলেন ১ লাখ ১৯ হাজার ২২৭ জন। আজ সুস্থ হয়ে উঠেছে ৮৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৩৫ জন।
২৩ জুন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
