এইমাত্র পাওয়া

এলাকাভিত্তিক লকডাউনের অনুমোদন হয়নি

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানী ঢাকাসহ দেশের জেলা, উপজেলায় এলাকাভিত্তিক লকডাউনের প্রস্তাব এখনও অনুমোদন হয়নি। এ সংক্রান্ত প্রস্তাবনা সরকারিভাবে অনুমোদন না হওয়া পর্যন্ত কোনো এলাকা অবরুদ্ধের বিষয়টি কার্যকর হচ্ছে না। লকডাউন কার্যকর করা, কাদের দিয়ে বাস্তবায়ন হবে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। রোববার রাত পর্যন্ত এটি অনুমোদন পায়নি বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ রোববার সন্ধ্যায় জানান, শনিবার
এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় পরীক্ষামূলক ভাবে ঢাকার দুটি স্থান এবং দেশের তিনটি জেলা লকডাউন করার প্রস্তাবনা দেয়া হয়। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত সেই প্রস্তাবনা অনুমোদিত হয়নি। তাই লকডাউন কবে কখন শুরু হবে সেটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। www.corona.gov.bd শীর্ষক একটি ওয়েবসাইটে ঢাকার বিভিন্ন স্থান এবং বিভিন্ন জেলা লকডাউনের যে তথ্য দেয়া হয়েছিল, সে তথ্য ইতোমধ্যে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে শনিবার ওই ওয়েবসাইটের তথ্য দিয়ে একাধিক গণমাধ্যমে লাকডাউন সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হলে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি হয়। যদিও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এ সংক্রান্ত কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি।
রোববার স্বাস্থ্য ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-১৯ বিষয়ক ফোকাল কর্মকর্তা মো. হাবিবুর রহমান খান জানিয়েছেন, প্রথম পাঁচটি স্পটে লকডাউন কার্যকর করার প্রস্তুতি রয়েছে। এখন সরকারের সিদ্ধান্ত পেলেই সেটি বাস্তবায়ন হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.