সজল আহমেদ।।
এইচএসসি ও সমমানের প্রায় ১২ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার সব ধরনের প্রস্তুতি নিয়ে দীর্ঘ তিন মাস ধরে অপেক্ষায় রয়েছেন। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় গত এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা এখনো অনিশ্চিত।
এপ্রিলের ১ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল এই পরীক্ষা কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে স্থগিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখনো সেই পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করতে পারছে না শিক্ষা বোর্ড। এই অবস্থায় দীর্ঘ মেয়াদের সেশনজটেরও আশঙ্কা করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। রোজার ঈদের পর স্থগিত হওয়া এই পরীক্ষা শুরু করার সম্ভাবনার কথা জানানো হলেও করোনা পরিস্থিতির আরো অবনতি হওয়ায় আবারো অনিশ্চিত হয়ে পড়েছে এই পরীক্ষা।
গত ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছিলেন, করোনার কারণে এখনি আমরা এইসএসসি পরীক্ষা নেয়ার কথা চিন্তা করছি না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দুই সপ্তাহের সময় দিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করা হবে।
পরীক্ষার এই অনিশ্চিয়তার মধ্যে পড়ালেখা থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে শিক্ষার্থীরা। অনেক অভিভাবকই জানান, তাদের সন্তান আগের মতো পড়ালেখায় মনোযোগী নন। পরীক্ষা অনশ্চিত হয়ে পড়ায় কোনো শিক্ষার্থী এখন পড়ার টেবিলেই বসতে চায় না। এতে অনেক অভিভাবক তার সন্তানের ভালো ফলাফল নিয়েও চিন্তিত।
এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক জানান,বর্তমান পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নেওয়া যাবে না। করোনা পরিস্থিতি পুরোপুরি ভালো না হলে এই পরীক্ষা আয়োজনে অনেকটাই স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। কেননা এই পরীক্ষার সাথে শুধু ১২ লাখ শিক্ষার্থী জড়িত নয়। পরীক্ষা আয়োজনের সাথে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, পরীক্ষক, আনসার গার্ড,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সম্পৃক্ততা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
