নিজস্ব প্রতিবেদক ।।
করোনাভাইরাস পরিস্থিতিতে এবার প্রথম রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে আম যাবে ঢাকা। আগামী শুক্রবার (৫ জুন) রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হয়ে আম নিয়ে দুটি পার্সেল ট্রেন ঢাকার পথে চলাচল করবে।
গতকাল মঙ্গলবার পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ম্যাঙ্গো স্পেশাল ১, ২’ ট্রেন দুটি সপ্তাহে প্রতিদিন চলবে। রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হয়ে আম নিয়ে ট্রেন দুটি ঢাকায় আসবে।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় নিতে কেজিপ্রতি আমের ভাড়া দিতে হবে ১ টাকা ৩০ পয়সা। রাজশাহী থেকে ১ টাকা ১৭ পয়সা ভাড়া লাগবে।
‘আমের পাশাপাশি সব ধরনের শাক-সবজি, ফলমূল, ডিমসহ উত্তরের বিভিন্ন কৃষিজাত দ্রব্যও এই টেনে পরিবহন করা হবে। ঢাকায় পৌঁছানোর পর ব্যবসায়ীদের সুবিধামতো স্টেশনে ট্রেন থামানো হবে’ যোগ করেন ফুয়াদ হোসেন আনন্দ।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানায়, ‘ম্যাংগো স্পেশাল-২’ ট্রেনটি সপ্তাহে প্রতিদিন চলাচল করবে। এই ট্রেন প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল ৪টায় ও রাজশাহী থেকে বিকেল ৫টা ৫৫ মিনিটে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে রাত ১টায়।
আর ‘ম্যাংগো স্পেশাল-১’ ট্রেনটি প্রতিদিন ঢাকা থেকে দিবাগত রাত ২টা ১৫ মিনিটে ছাড়বে এবং চাঁপাইনবাবগঞ্জ পৌঁছবে সকাল ১০টা ১৫ মিনিটে।
এর আগে করোনার উদ্ভূত পরিস্থিতিতে আম, লিচু ও অন্যান্য মৌসুমী ফল বিপণন এবং কৃষিপণ্য বাজারজাতকরণ বিষয়ে গত ১৬ মে ভিডিও কনফারেন্সে চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সেদিনই ট্রেনে আম পরিবহনের কথা ওঠে। এরপর রেলমন্ত্রী নুরুল ইসলাম এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
সে অনুযায়ী আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণ নিয়ে গত ২০ মে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আম পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেন চলাচলের এ সিদ্ধান্ত নেওয়া হয়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
