নিউজ ডেস্ক।।
চলতি মাসেই শেষ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মেয়াদ।
নতুন করে ওই আসনে কে বসবে তা নিয়ে চলছে আলোচনা। অনেকেই মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী আইসিসির পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন। কেউ কেউ আবার ভারতের প্রাক্তন অধিনায়কের পক্ষে মত দিচ্ছেন। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনও বক্তব্য আসেনি গাঙ্গুলীর তরফ থেকে।
এদিকে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রায়েম স্মিথ মনে করেন, আইসিসির দায়িত্ব গ্রহণের গাঙ্গুলীর এখনই সেরা সময় এবং চেয়ারম্যানের আসরে গাঙ্গুলীই এ মুহূর্তে যোগ্য লোক। স্মিথ পরবর্তী চেয়ারম্যান হিসেবে গাঙ্গুলীকেই দেখতে চান।
টেলি কনফারেন্সে স্মিথ বলেছেন,‘করোনার পরবর্তী সময়ে আইসিসিতে যোগ্য নেতৃত্ব দরকার। এ সময়ে গাঙ্গুলীর মতো যোগ্য নেতৃত্ব প্রশাসনে খুব প্রয়োজনীয়। সেখানে এমন একজনকে দায়িত্ব দেওয়ার দরকার যার আধুনিক ক্রিকেটের সংস্পর্শ আছে, আবার যার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণটাও আছে।’ স্মিথ বিশ্বাস করেন, গাঙ্গুলী খেলাটা ভাল বোঝেন, নেতৃত্বের গুণও রয়েছে। সব মিলিয়ে আইসিসির চেয়ারম্যান হওয়ার জন্য উপযুক্ত ‘প্যাকেজ।’
এর আগে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ারও গাঙ্গুলীকে আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়েছেন। আইসিসির নতুন চেয়ারম্যান পদের জন্য কঠিন লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আইসিসিতে প্রবেশের জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন কলিন গ্রেভস। জুনে আইসিসির চেয়ারম্যানের নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে এ নির্বাচন দুই মাস পেছাতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
