বিএসএমএমইউর করোনা ল্যাব খোলা থাকবে ঈদের ছুটিতেও

শিক্ষাবার্তা ডেস্কঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৪, ২৫ ও ২৬ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ছুটি থাকবে। তবে ছুটির দিনগুলোতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বেতার ভবনের স্থাপিত ফিভার ক্লিনিক ও কোভিড-১৯ শনাক্তকরণ পিসিআর ল্যাব রোগীদের সুবিধার্থে খোলা থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয় হাসপাতালে আন্তঃবিভাগ ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বেতার ভবনের স্থাপিত ফিভার ক্লিনিকে রোগীর সংখ্যা ও করোনাভাইরাস ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। ফিভার ক্লিনিকে বুধবারের ৩০০ জনসহ এ পর্যন্ত ১১ হাজার ২৮০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গত ২১ মার্চ থেকে এই ফিভার ক্লিনিক চালু করা হয়।
অন্যদিকে গত এক এপ্রিল থেকে একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে বুধবারের ৩৪৮ জনসহ এ পর্যন্ত ১১ হাজার ১২৪ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে।

এছাড়া রোগীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ ইতিমধ্যে চালু করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ইন্টারনাল মেডিসিন বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ, অবস অ্যান্ড গাইনি বিভাগ, শিশু বিভাগে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে ৫২ হাজারেরও অধিক রোগীকে বিশেষজ্ঞ হেলথ লাইনের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.