এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনলাইন ক্লাস চালুর নির্দেশ

সজল আহমেদ।।

আজ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অধিভুক্ত দুই হাজার ২৬০টি কলেজে অনলাইন ক্লাস চালুর তাগিদ দিয়েছেন। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বেশকিছু নির্দেশনাও প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে আহবান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক ভার্চুয়াল বৈঠকে এই আহ্বান জানানো হয়। এর প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে অনলাইন ক্লাস চালু করতে নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনায় বলা হয়, যেসব কলেজের অনলাইনে ক্লাস নেওয়ার সক্ষমতা রয়েছে তারা জরুরি ভিত্তিতে অনলাইন ক্লাস চালু করবে। যেসব কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন ক্লাস সুবিধা নেই, তাদেরকেও দ্রুত এই সুবিধার আওতায় আসতে নির্দেশ দেয়া হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৈরী করা মোবাইল অ্যাপস বা জুম সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন-লাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য বলা হচ্ছে। ইতোমধ্যে রাজশাহী কলেজসহ বেশ কয়েকটি কলেজ/প্রফেশনাল প্রতিষ্ঠান অন-লাইন ক্লাস শুরু করে দিয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.