এইমাত্র পাওয়া

সিয়াম সাধনার মাহে রমজান শুরু

অনলাইন ডেস্ক :

সারা বিশ্বের মুসলমানদের জন্য রহমত, বরকত আর নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে আবার এলো পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে শুক্রবার। যার কারণে আজ (শনিবার) থেকেই শুরু পবিত্র রোজার।

গতকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম শনিবার থেকে রোজা শুরুর ঘোষণা দেন।

সভায় সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪১ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে রমজান মাস শুরু হচ্ছে।

চাঁদ দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়াজুড়ে ভাসছে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা মহামারির মধ্যে এবার এক ভিন্ন রমজান পালন করতে যাচ্ছে গোটা মুসলিম বিশ্ব। তাই এবারের শুভেচ্ছার সাথে যুক্ত হয়েছে মহান আল্লাহর কাছে করোনা থেকে মুক্তির আকুতি। মাহে রমজান মুসলমানদের জন্য ফযিলাতের মাস, গুনাহ মাফের মাস, সবচেয়ে বেশি সওয়াব অর্জনের মাস। মাহে রমজানকে বলা হয় নেকি অর্জন করার মৌসুম।

মাহে রমজানের প্রধান আমল হলো ফরজ রোজা। রোজা ফার্সি শব্দ, যার অর্থ ‘বিরত থাকা’। আরবিতে বলা হয় সিয়াম, অর্থ ‘বিরত থাকা’, ‘আত্মসংযম করা’ ইত্যাদি। পরিভাষায় সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার, দাম্পত্য মিলন ও রোজা ভঙ্গ হওয়ার সকল বিষয় থেকে বিরত থাকার নামই সিয়াম।

আল্লাহ তা’আলা বলেন, হে মুমিনগণ তোমাদের ওপর রোজার বিধান দেওয়া হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ও বিধান দেওয়া হয়েছিল। যেন তোমরা মুত্তাকী হতে পারো। (সূরা বাকারা:১৮৩) রমজান মাস আসে মানুষের জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে। তাইতো রাসুল (সা:) বলেন, রমজান মাস যখন আগমন করে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃংখলাবদ্ধ করা হয়। (নাসায়ী, আল মুসতাদরাক) এই মাস মুমিনের অতীতের গুনাহ সমূহকে মুছে দেয়। রাসুল (সা:) বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব অর্জনের নিয়তে রমজানের সিয়াম পালন করবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে। (বোখারী ও মুসলিম)


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.