নিজস্ব প্রতিনিধি।।
হাতে কাস্তে আর কোমরে গামছা বেঁধে দিব্যি কৃষকের বেশে নিজ হাতে ধান কাটলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কাজী রুহুল আমিন ও হোমনা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে মোঃ আমিনুল ইসলাম সহ অনান্য শিক্ষক ও শিক্ষার্থী।
আজ শুক্রবার সকাল ৭ ঘটিকার সময় হোমনা উপজেলায় ধান কাটা শুরু করেন তারা। প্রায় ৪ বিঘা জমির বুরো ধান কাটার পর জমির মালিক তাদের সাথে যোগদান করেন। পারিবারিকভাবে অসচ্ছল থাকার কারণে কাটতে পারছিলেন না । ধান কাটা কর্মসূচীতে যোগদেন অত্র প্রতিষ্ঠানের স্কাউট টিম ।
প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ পেশায় জড়িত কৃষকরা সমাজের মর্যাদাবান সন্তান। তাদের মতো করে কৃষিকাজ করাটাও সম্মানের বলে উল্লেখ করেন তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কাজী রুহুল আমিন বলেন, সরকার কৃষিতে ভর্তুকি দিয়ে কৃষকের হাতে কৃষি সরঞ্জাম, বীজ সার পৌঁছে দিচ্ছে। কৃষক রোদবৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে ধান উৎপাদন করছেন। অথচ মধ্যস্বত্বভোগীরা তাদের মুনাফা চুষে নিয়ে তাদের সর্বস্বান্ত করছেন।
সরকার ধান ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করেছে জানিয়ে তিনি বলেন, এবার কৃষকের ধান বিক্রির সময় দালাল-বাটপাড়রা যাতে ভাগ বসাতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
ধান কাটা শেষে হোমনা আদর্শ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আমিনুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা অনুযায়ী এই এলাকার একজন শিক্ষক হিসেবে আমি মনে করি নারী-পুরুষ নির্বিশেষে আমাদের সবার মাঠে নামা দরকার। আমাদের একটাই চিন্তা কৃষকরা ফসলগুলো যেন ভালোভাবে ঘরে তুলতে পারে। তাহলে করোনার কারণে সারাদেশে যে দুর্যোগ দেখা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব।
তিনি আরও বলেন, আমরা যদি ধান ঘরে তুলতে পারি তাহলে আমাদের খাদ্যের অভাব আর থাকবে না। আমি বিশ্বাস করি হোমনায় ধানের যে বাম্পার ফলন হয়েছে তা শুধু হোমনা নয় সারাদেশের খাদ্যের অভাব পূরণ করতে পারবে। তাই আসুন আমরা সবাই কৃষকের পাশে দাঁড়াই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
