কুষ্টিয়ার ডিসি পরিচয় দিয়ে কারাগারে বিশ্ববিদ্যালয় ছাত্রী

নিজস্ব প্রতিনিধি।।

ফেসবুক ম্যাসেঞ্জারে কুষ্টিয়া জেলা প্রশাসক হিসেবে নিজেকে পরিচয় দেন ২২ বছরের তরুণী মীর মনিরা। জেলা প্রশাসকের পরিচয় ব্যবহার করে তৈরি করেন বিভিন্ন ডকুমেন্ট। পরে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তা প্রচার করেন। মনিরা ও তার ৭ বন্ধু মিলে এমন পরিকল্পনা করে একটি ম্যাসেঞ্জারে ফটোশপের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দেন। নিজের ফেসবুক আইডি থেকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নিজেকে কুষ্টিয়া জেলা প্রশাসক হিসেবে পরিচয় দেন।

শুক্রবার রাতে কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেনের বাসভবনে জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেন মীর মনিরা। এ ঘটনায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এনডিসি মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। রাতেই আসামি মীর মনিরাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মনিরা কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার মীর মিজানুর ইসলামের মেয়ে ও ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহার জানান, মীর মনিরা জানিয়েছেন তারা ৭ বন্ধু মিলে এ পরিকল্পনা করেন। কুষ্টিয়ার ডিসি পরিচয়ে মনিরা নিজের ফেসবুক ম্যাসেঞ্জারে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আইসিটি আইনে মামলায় ওই তরুণীকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.