ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট, জেলহাজতে শিক্ষক

ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক ও অশ্লীল পোস্ট দেয়ায় শ্রীধাম দেবনাথ (২৭) নামে এক স্কুলের খণ্ডকালীন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকাল ৪টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে তাকে আটক করে কুলাউড়া থানা পুলিশ। শ্রীধাম দেবনাথ উপজেলার বরমচাল স্কুল অ্যান্ড কলেজেরে খণ্ডকালীন শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন। উস্কানিমূলক পোস্ট দেয়ার ঘটনায় শ্রীধামকে বরমচাল স্কুল অ্যান্ড কলেজেরে খণ্ডকালীন শিক্ষকের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফজলুল হক।

জানা যায়, বরমচাল স্কুল অ্যান্ড কলেজেরে খণ্ডকালীন শিক্ষক শ্রীধাম দেবনাথ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘সনাতনী যোদ্ধা’ নামক একটি পেইজ থেকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর ও অশ্লীল পোস্ট নিজের শ্রীধাম নাথ নামের আইডিতে শেয়ার করেন। এবং বেশ ক’দিন থেকে তার নিজ নামীয় আইডিতেও ধর্মীয় উস্কানিমূলক নানা পোস্ট দেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একজন শিক্ষক হয়ে এমন অশ্লীল ও ধর্মীয় উস্কানিমূলক পোস্ট শেয়ার করায় বরমচাল স্কুল অ্যান্ড কলেজেরে শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

পরে ২২শে জুন বরমচাল স্কুল অ্যান্ড কলেজেরে গভর্নিং কমিটির জরুরি সভা আহ্বান করা হয় এবং সভায় শ্রীধামকে খণ্ডকালীন শিক্ষকের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। এদিকে এ ঘটনায় কুলাউড়া থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। মামলার প্রেক্ষিতে পুলিশ শ্রীধামকে তার বাড়ি রাজনগর উপজেলা থেকে আটক করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াদৌস হাসান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শ্রীধামকে আটক করা হয়েছে এবং মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.