নিউজ ডেস্ক ।।
‘আমার ঘরে আমার স্কুল’ নামে সংসদ বাংলাদেশ টেলিভিশনে দ্বিতীয় দিনে দুই ধাপে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের মোট আটটি ক্লাস অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে এসব ক্লাস। তবে শুরুতে জাতীয় সংগীত ও করোনাভাইরাস সম্পর্কে সতর্কতা ও করণীয় প্রচার করা হবে।
গত শনিবার (২৮ মার্চ) টেলিভিশনের ক্লাসের সময়সূচি প্রকাশ করা হয়। করোনাভাইরাসের কারণে ছুটির সময়ের ঘাটতি পূরণে টেলিভিশনের মাধ্যমে আগামী ২ এপ্রিল পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালনা করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। তবে তিন মাসের জন্য টেলিভিশনে পাঠদান কার্যক্রম চালানোর প্রস্তুতি নেয়া হয়েছে বলে মাউশির মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হলে এ পদ্ধতিতে শ্রেণি কার্যক্রম (ক্লাস) চালানো হবে বলে জানান তিনি।
দেখা গেছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বন্ধের মধ্যে রাজধানীর ঢাকার খ্যাতিমান শিক্ষকদের নিয়ে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের সিলেবাস অনুসারে ক্লাস রেকর্ডিং করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে এসব ক্লাস সংসদ টেলিভিশনে সম্প্রচার শুরু করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত আটটি বিষয়ের শ্রেণি ক্লাস প্রচার করা হবে। প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার হবে, তার সঙ্গে প্রতিদিনের শিক্ষার্থীদের জন্য হোমওয়ার্ক (বাসার কাজ) দেয়া হবে। পরদিন টেলিভিশনে তার সঠিক উত্তরগুলো দেখানো হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রচার হওয়া ক্লাসগুলো পুনঃপ্রচার করা হবে।
পাশাপাশি টেলিভিশনে প্রচার হওয়া সব ক্লাসগুলো কিশোর বাতায়নে দেয়া হবে। শিক্ষার্থীরা যেকোনো সময়ে তা দেখতে পারবে। সেখানে নানা ধরনের কুইজের মাধ্যমেও শিক্ষার্থীরা খেলাচ্ছলে শিখতে পারবে বলে জানা গেছে।
সিলেবাস অনুযায়ী মঙ্গলবার তৃতীয় দিন ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে সকাল ৯টা ৫ মিনিট থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত। আর ইংরেজি বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে সকাল ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত।
সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। আর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে ১০টা ১০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।
অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে ১০টা ৩৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। আর ইংরেজি বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে ১০টা ৫৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।
নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। আর রসায়ন বিষয়েরে শ্রেণি কার্যক্রম চলবে ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষকদের রেকর্ডিং করা ক্লাস সম্প্রচার করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
