নিউজ ডেস্ক ।।
মাদ্রাসায় শিক্ষক কর্মচারী নিয়োগ বোর্ডে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের জেলা প্রশাসকদের (ডিসি) প্রতিনিধি করে জারি করা আদেশটি বাতিল করা হয়েছে। ফলে আগের নিয়মেই অধিদপ্তরে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ শিক্ষকরা এই দায়িত্ব পালন করবেন। রবিবার এসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বর্তমানে এন্ট্রি লেভেলে (প্রভাষক, মৌলভী ইত্যাদি) নিয়োগের জন্য প্রার্থী বাছাইয়ের দায়িত্ব এনটিআরসিএর। আর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপারসহ কর্মচারী নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদের হাতে। পরিচালনা পর্ষদের হাতে থাকা নিয়োগে ডিজির প্রতিনিধি নির্বাচন দেওয়া হয়। এসব নিয়োগে ডিজির প্রতিনিধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
গত ১৮ ফেব্রুয়ারি মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দীন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্ব স্ব জেলার দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসায় শিক্ষক-কর্মচারী নিয়োগে জেলার প্রশাসক মহাপরিচালকের প্রতিনিধি মনোনীত হবেন বা মনোনয়ন দিবেন। এ আদেশ জারির পর অসন্তোষ প্রকাশ করেছিলেন শিক্ষক নেতারা। ১৯ মার্চ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে গত ১৮ ফেব্রুয়ারির আদেশটি বাতিল করা হয়েছে। তাই, ফের অধিদপ্তরে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ শিক্ষকরা এই দায়িত্ব পালন করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
