অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক।।

করনোভাইরাসের প্রকোপে কম্পিত বিশ্ব। আর এর বাইরে নয় বাংলাদেশও। গতকাল (১৮ মার্চ) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেছেন এক বাংলাদেশি। আর এমন পরিস্থিতিতে খেলার মাঠে গড়াবে না আর কোনো খেলা। এমনটাই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের ক্রিকেট।

করোনাভাইরাস এভাবে মহামারিতে রূপান্তরিত হবে কয়েক সপ্তাহ আগেও হয়তো কল্পনা করেনি কেউ। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি থমকে দিয়েছে পুরো বিশ্বকে। বিশ্বজুড়ে প্রায় দুই লাখ বিশ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ৯ হাজারের কাছাকাছি। আর বাংলাদেশে এখন পর্যন্ত ১৭জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃতের সংখ্যা এক।

করোনাভাইরাস যেহেতু ছোঁয়াচে রোগ এবং এখন পর্যন্ত কোনো ধরনের ভ্যাকসিন আবিষ্কার হয়নি ফলে ভাইরাসটি প্রতিরোধের জন্য ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন গবেষক-চিকিৎসকরা। বেশ কয়েকটি দেশ জন সমাগম নিষিদ্ধই করে দিয়েছে। এদিকে, এই পরামর্শ সরাসরিই প্রভাব ফেলেছে সব ধরনের খেলাধুলার ওপর। কারণ খেলাধুলা মানেই তো এক জায়গায় অনেক মানুষের সমাগম। এ কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশে সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.