এইমাত্র পাওয়া

কুবিতে আলোকসজ্জা-ব্যানারহীন মুজিব বর্ষের শুরু

কুবি প্রতিনিধি:

দেশব্যাপী করোনাভাইরাস আতঙ্কের ফলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক উদযাপন সীমিত করার প্রভাব একটু যেনো একটু বেশিই পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। আয়োজন সীমিত করার নামে প্রতিবছরের উদযাপনরীতির বাইরে তেমন কোনো কার্যক্রমই ছিলো না ক্যাম্পাসে। ন্যুনতম আলোকসজ্জার আয়োজনও করা হয়নি বিশ্ববিদ্যালয়টির ভবনগুলোতে। প্রারম্ভিক শোভাযাত্রাটিতেও ছিলো না কোনো ব্যানার।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর হতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রশাসনের প্রস্তুতি থাকলেও স্বাস্থ্যঝুঁকি এড়াতে সেই আয়োজন সীমিত করা হয়। অথচ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী ভবনে আলোকসজ্জা থাকলেও ছিলো না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।

বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক উপলক্ষ্যে ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ে ব্যানারহীন শোভাযাত্রা, পুষ্পার্ঘ অর্পণ, কেক কাটা এবং বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মুজিব বর্ষের প্রারম্ভিক আয়োজন সমাপ্ত হয়।

মঙ্গলবার সকাল ১১.০৫ টায় শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পুষ্পার্ঘ অর্পণ শেষে বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম’র সঞ্চালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমান। কালক্রমে তাঁর হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের সূচনা করেন উপাচার্য। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. আবু তাহের, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.