নিজস্ব প্রতিবেদক।।
করোনা আতঙ্কে অনেক অভিভাবক সন্তানকে স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন। শ্রেণিকক্ষে শিক্ষার্থী উপস্থিতি অর্ধেকে নেমে এসেছে। কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ক্লাসে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশে করোনা সংক্রমণের একাধিক ঘটনা শনাক্তের পর বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি জোরালো হয়েছে।
এই দাবিকে পোক্ত করতে গতকাল রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে উচ্চ আদালতে রিটও হয়েছে। সংক্রমণের আশঙ্কায় ক্যাম্পাস বন্ধের দাবিতে অনশনে বসেছে ঢাকা বিশ^বিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষার্থীরা নিজেরাই ক্লাস বর্জন করেছেন। জগন্নাথ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্লাস বর্জনের পথে।
এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করছে সরকার। সহসাই আসতে পারে এমন ঘোষণা। সরকারের সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে। এমন আভাস মিলেছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মন্তব্যেও। তবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ বিষয়ে বিশেষজ্ঞ মতামতের অপেক্ষায়।
করোনা ভাইরাসে সংক্রমণের বিষয়ে গতকাল কথা বলেন সরকারের এই তিন মন্ত্রী। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গতকাল বিকালে ফেসবুকে লিখেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি নিয়ে সরকার সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। শিক্ষা মন্ত্রণালয়ও এই ঝুঁকি বিশ্লেষণের একটি অংশ। প্রতিনিয়ত অবস্থা বিশ্লেষণ হচ্ছে। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায়, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ব্যাপারে আমরা বিশেষজ্ঞ মতামত নিয়েই এগুচ্ছি। সরকারের সিদ্ধান্তের ওপর চোখ রাখতে ও তা মেনে চলতে বলেন তিনি।
এর আগে সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ ১৮টি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে এক বৈঠক শেষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নেবে, এ সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়।
এর আগে রোববার সকালে দেশে করোনা ভাইরাস আক্রান্তের প্রেক্ষাপটে সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ^বিদ্যালয় বন্ধ চেয়ে হাইকোর্ট রিট করা হয়েছে। এ রিটে দেশের স্থল, নৌ এবং বিমানবন্দরও বন্ধ করে দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
