বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০ দিন অচল

ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষা কার্যক্রম। দাবি আদায়ে গতকাল শনিবারও অবস্থান কর্মসূচির পাশাপাশি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

গত ৬ ফেব্রুয়ারি এই আন্দোলন শুরু হয়। ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওহিদুর রহমান রাজু, কারিমুল হক, ফারজানা সুলতানা রিতা ও ফারজানা নিশি গতকাল জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা শ্রেণিকক্ষে ফিরবেন না।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. শাহজাহান বলেন, ‘শিক্ষার্থীদের দাবি পূরণের বিষয়টি সময়সাপেক্ষ। ইউজিসি (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) বলেছে, একাডেমিক কাউন্সিল করে সেই প্রতিবেদন জমা দিতে হবে। কিন্তু একাডেমিক কাউন্সিল করতে স্থায়ী উপাচার্য থাকতে হবে। স্থায়ী উপাচার্য নিয়োগ হলে অনুমোদনের কাজটি নিয়ে এগোনো যাবে।’

ইউজিসির অনুমোদন ছাড়া সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন ২০১৭-১৮ শিক্ষাবর্ষ ইতিহাস বিভাগের কার্যক্রম শুরু করেন। গত ৬ ফেব্রুয়ারি ইউজিসি জানায়, বশেমুরবিপ্রবির ইতিহাস বিভাগের অনুমোদন নেই। আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশও দেওয়া হয় ভারপ্রাপ্ত উপাচার্যকে। এই খবর জানার পরই আন্দোলনে নামেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগের শিক্ষার্থীর সংখ্যা চার শতাধিক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.