নিজস্ব প্রতিবেদক




শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বাংলাদেশ ১৯৭৫ সালে ডেমোগ্রাফি ডিভিডেন্ডের যুগে প্রবেশ করেছিল। ইতিমধ্যে আমরা তিন দশক সময় অতিবাহিত করে ফেলেছি। সামরিক শাসনসহ বিভিন্ন অপশাসনের কারণে আমরা এ সুযোগ কাজে লাগাতে পারিনি। আমাদের হাতে আছে আর মাত্র এক দশক।




এ সময়ের মাঝে আমরা তা কাজে লাগাতে না পারলে তা আমরা চিরদিনের জন্য হারিয়ে ফেলব। এই সুযোগ কাজে লাগাতে সরকার শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করছে। গতানুগতিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে তার কোন বিকল্প নাই। মন্ত্রী আজ সকালে খুলনার রূপসায় বঙ্গবন্ধু সরকারি কলেজের ৪৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।




এ সময় মন্ত্রী আরো বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ, যৌন হয়রানী, বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের সর্বনাশা ছোবল থেকে আমাদের যুবসমাজকে বিরত রাখতে সমাজের সকলকে সজাগ থাকতে হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও ত্যাগ সম্পর্কে যুব সমাজকে জানতে হবে।




মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে যে অভুতপূর্ব অগ্রগতি হচ্ছে তা দেশবাসীর কাছে তুলে ধরতে হবে।




সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক হেলাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
