এইমাত্র পাওয়া

দুর্ভোগে গ্রামবাসী

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ব্রিজ নির্মাণ হলেও রাস্তা না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছে হচ্ছে পাঁচ গ্রামের মানুষ। উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সাদ্দাম বাজার থেকে সানখলা হয়ে কলসিন্দুর গুদারাঘাট এলাকায় পঞ্চনন্দপুর গ্রামে কংস নদে ব্রিজ নির্মাণ করা হলেও ১৮ বছর যাবত্ রাস্তা না থাকায় দুর্ভোগের শিকার পথচারী ও স্কুলের ছাত্রছাত্রীরা।

উপজেলার পঞ্চনন্দপুর, সানখলা, রানিপুর, টংলাপাড়া ও বাগপাড়াসহ পাঁচ গ্রামের শত শত মানুষ ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা এ রাস্তায় যাতায়াত করে। রাস্তা নির্মাণ না করে ব্রিজ নির্মাণ করায় ব্রিজটি কোনো কাজে আসছে না এলাকাবাসীর। ব্রিজটি ২০০২ সালে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। রাস্তা না থাকলেও ব্রিজটি খোলা আকাশে দাঁড়িয়ে রয়েছে। ব্রিজের দুই পাশে মাটি ভরাট না করায় ব্রিজ দিয়ে পারাপার করা যাচ্ছে না। গামারিতলা ইউপি চেয়ারম্যান ফজলুল হক জানান, ব্রিজটির দুই পাশে মাটি ভরাট ও রাস্তা নির্মাণ করে জনগণের চলাচলের উপযোগী করার জন্য উপজেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় তিনি উপস্থাপন করেছেন। স্থানীয় কাদির গনি, বালাগুল, সাদেক, মোহাম্মদসহ কয়েক জন গ্রামবাসী জানান, বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা রাস্তা নির্মাণের আশ্বাস দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহিনূর ফেরদৌস জানান, রাস্তাটি দ্রুত নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.