ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার ছাড়া কেউ ভোটকেন্দ্রের আশপাশে গেলেই তাকে আটক করা হবে বলে সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মুহা. শফিকুল ইসলাম।
শুক্রবার বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরীতে ভোটকেন্দ্রের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভোটের সুষ্ঠু পরিবেশ বিরাজমান। আশা করছি, উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। তবে এখনো যারা বহিরাগত ঢাকায় অবস্থান করছেন, তারা দয়া করে ঢাকা ছেড়ে চলে যান।’
ডিএমপি কমিশনার বলেন, ‘দুই সিটি করপোরেশন নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেই স্বার্থেই ভোটকেন্দ্রের আশপাশে বহিরাগতদের উপস্থিতি গ্রহণযোগ্য হবে না। তাদেরকে আটক করা হবে।’
তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতকল্পে পোশাকধারী ও সাদা পোশাকে ৩০ হাজার পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবে। র্যাব টহল টিমও মাঠে থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও অন্যান্য বাহিনীর আরও ১০ হাজার স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশ তাদের সবটুকু সামর্থ্য দিয়ে কাজ করবে।
নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটার ও অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশে বিধিনিষেধ আছে।
ঢাকার দুই সিটি মিলিয়ে ঝুঁকিপূর্ণ বিবেচনা প্রায় দেড় হাজার কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে তালিকা করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
