প্রাথমিক শিক্ষা নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

জীবনযুদ্ধে জয়ী হওয়ার অন্যতম ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, শিশুদের প্রাথমিক শিক্ষায় এমন ভিত্তি গড়ে তুলতে হবে যাতে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করতে পারে

।শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুরস্থ ইডেন ইংলিশ স্কুলের বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে তারা যেন পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ ও অনুসরণ না করে। তারা যেন বাঙালি ও দেশীয় সংস্কৃতির অনুকরণ ও অনুসরণ করে। হিন্দী কিংবা ইংরেজি গান নয়, তারা যেন রবীন্দ্র, নজরুল এবং দেশাত্মবোধক গানে আগ্রহী হয় সেভাবেই তাদের গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আজকের শিশুরা আগামীতে ডাক্তার হবে, সরকারি বড় অফিসার হবে। কিন্তু তা হয়ে যেন তাদের দরজা গরীবের জন্য বন্ধ হয়ে না যায়, তাদের বাবা-মাকে বৃদ্ধাশ্রমে যেতে না হয়। স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, চট্টগ্রাম গ্রামার স্কুলের অধ্যক্ষ তাহসিন খান, ইডেন ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাহানুর তাসনিম মিলি প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.