কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩৪ হাজার

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৪ হাজার ৩৭৯ জন। এবার পরীক্ষার্থী ১ লাখ ৫৯ হাজার ৪২৩ জন। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৩ হাজার ৮০২ জন। তবে এবার বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা। এসএসসির আগের টেস্ট পরীক্ষায় ঝরে পড়া ও জেএসসির ফলাফল খারাপ হওয়ায় পরীক্ষার্থী কমেছে বলে জানা যায়। কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এ বছরের মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৭০ জন এবং অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ৩৫৩ জন। এ বছরের পরীক্ষার্থীদের মধ্যে ৬৭ হাজার ৯৫৪ জন ছাত্র এবং ৯১ হাজার ৪৬৯ জন ছাত্রী রয়েছে। ছাত্র পরীক্ষার্থীর চেয়ে ছাত্রী পরীক্ষার্থী ২৩ হাজার ৫১৫ জন বেশি।

বিভাগ ওয়ারী পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে বিজ্ঞানে ৪৪ হাজার ৬৪ জন। এর মধ্যে ছাত্র ২২ হাজার ৪২৪ এবং ছাত্রী ২২ হাজার ৩৪০। মানবিকে ৫৫ হাজার ৬০৫। এর মধ্যে ছাত্র ১৩ হাজার ২২ জন এবং ছাত্রী ৪২ হাজার ৫৮৩ জন। ব্যবসাশিক্ষায় পরীক্ষার্থী ৫৯ হাজার ৫৪ জন। এর মধ্যে ছাত্র ৩২ হাজার ৫০৮ জন এবং ছাত্রী ২৬ হাজার ৫৪৬ জন।

গত বছর এই শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৭১৭টি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। এবার অংশ নিচ্ছে ১ হাজার ৭৩২টি স্কুলের পরীক্ষার্থী। এবারে গত বছরের তুলনায় ১৫টি স্কুল বেশি। গত বছরের চেয়ে এবার কেন্দ্রের সংখ্যাও বেড়েছে। গত বছর কেন্দ্রের সংখ্যা ছিল ২৫৬টি। এবার কেন্দ্রের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৪টি, যা গত বছরের চাইতে ৮টি বেশি।

২০১৮ সালে নবম শ্রেণিতে ভর্তি হওয়া ১ লাখ ৫৪ হাজার ১৮৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে। কিন্তু ২০১৯ সালে দশম শ্রেণির টেস্ট পরীক্ষার পর এসএসসি’র ফরম পূরণ করে ১ লাখ ২৯ হাজার ৭০ জন। এ পর্যায়ে ঝরে পড়ে ২৫ হাজার ১১৪ জন শিক্ষার্থী। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীভুক্ত ৬ জেলায় জেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে কুমিল্লায় মোট পরীক্ষার্থী ৫৪ হাজার ৮২৫ জন। এর মধ্যে ছাত্র ২৩ হাজার ৭৪৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮০ জন। ব্রাহ্মণবাড়িয়ায় মোট পরীক্ষার্থী ২২ হাজার ৬৪৮ জন। এর মধ্যে ছাত্র ৯ হাজার ২০ জন এবং ছাত্রীর সংখ্যা ১৩ হাজার ৬২৮ জন।

চাঁদপুরে মোট পরীক্ষার্থী ২৭ হাজার ১৯১ জন। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৩৫০ জন এবং ছাত্রী ১৫ হাজার ৮৪১ জন। এছাড়া নোয়াখালীতে মোট পরীক্ষার্থী ২৭ হাজার ৫৯৩ জন। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৯৬৪ জন এবং ছাত্রী ১৫ হাজার ৬২৯ জন। ফেনীতে মোট পরীক্ষার্থী ১৪ হাজার ২৭১ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১৪৫ জন এবং ছাত্রী ৮ হাজার ১২৬ জন। লক্ষীপুরে মোট পরীক্ষার্থী ১২ হাজার ৮৯৫ জন। এব মধ্যে ছাত্র ৫ হাজার ৭৩০ জন এবং ছাত্রী ৭ হাজার ১৬৫ জন।

গতবারের চাইতে এবার পরীক্ষার্থী কমে যাওয়ার ব্যাপারে বোর্ডের ডেপুটি কন্ট্রোলার সহিদুল ইসলাম বলেন, ২০১৭ সালে এ শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষা দেওয়া জেএসসি পরীক্ষার্থীদের ফলাফল ভালো হয়নি। এ কারণে ২০১৮ সালে নবম শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা কমে যায়। এরই জের ধরে এ বছরের এসএসসি পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে। এ ছাড়াও দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ণ না হলে আমরা কাউকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে দেই না। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস সালাম বলেন, ২০১৯ সালের তুলনায় ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। আমরা চেষ্ট করি নিয়মিত অনিয়মিত মিলে পরীক্ষার্থীর সংখ্যা যেন না কমে সে দিকে নজর রাখতে। ঝরে পড়া রোধে আমরা কাজ করছি


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.