অনলাইন ডেস্ক :
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় করা মামলায় গ্রেফতার মজনুর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ দিন ধার্য করেন। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু তদন্ত প্রতিবেদন না আসায় বিচারক নতুন দিন নির্ধারণ করেন।
৬ জানুয়ারি সকালে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে ঢাবি ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। এর পর এ মামলায় মজনুকে শেওড়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে, তাকে রিমান্ডে পাঠানো হয়। এর পর আদালতে ধর্ষণের ঘটনা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মজনু। আদালত সূত্রে জানা গেছে, মামলার অভিযোগপত্র দাখিল করার সময়ে ডিএনএ প্রতিবেদন দাখিল করা হবে। উল্লেখ্য, গেল ৫ জানুয়ারি বিকাল সোয়া ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে বান্ধবীর বাসায় যাচ্ছিলেন ওই ছাত্রী। কুর্মিটোলা বাস স্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করে।
মাঝপথে শিক্ষার্থীকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে সে। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ঘটনাটি ঘটে। রাত ১০টার দিকে জ্ঞান ফেরে ওই ছাত্রীর। পরে রিকশায় করে বান্ধবীর বাসায় যান তিনি। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান তার বান্ধবীসহ অন্য সহপাঠীরা।
ঘটনার পরের দিন সকালে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা। ৮ জানুয়ারি মজনুকে গ্রেফতার করে র্যা ব। সে এখন কারাগারে রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
