এইমাত্র পাওয়া

ট্রফিটা এত কাছে, তবুও কত দূরে!

অনলাইন ডেস্ক :

বলতে গেলে একেবারে তীরে এসে তরী ডুবেছে নিউজ়িল্যান্ডের। বিশ্বকাপ ট্রফির খুব কাছে গিয়েও ভাগ্য সহায় হলো না কিউইদের। আর সে কারণে রান নিতে গিয়ে ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকসের ব্যাটে লেগে একটি বাউন্ডারিও পেয়েছিল নতুন চ্যাম্পিয়নরা। সেই রানই শেষ পর্যন্ত ম্যাচটিকে সুপার ওভারে নিতে সহায়তা করে ইংলিশদের। বাকিটা তো ইতিহাস। তাই সেই চার রানের জন্য আক্ষেপে পুড়ছেন কিউই অধিনায়ক। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেলেও ট্রফি ছুঁতে না পারার কষ্ট ঝরলো কেন উইলিয়ামসনের কণ্ঠে। তাই তো ক্রেস্ট নেওয়ার সময় যখন উইলিয়ামনস ট্রফির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন কিউই অধিনায়কের মনে হতেই পারে, ট্রফিটা এত কাছে, তবুও কত দূরে!

ম্যাচ শেষে তিনি বলেন, ‘‘টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, পিচ শুকনো। তাই ভেবেছিলাম, স্কোরবোর্ডে বড় রান তুলতে পারলে বিপক্ষ চাপে থাকবে। তবে আমাদের আরও ১০-২০ রান বেশি করতে হত। তা এখন বুঝতে পারছি।’’

কেন উইলিয়ামসন যোগ করেন, ‘‘আমাদের বোলাররা ওদের পাল্টা চাপে ফেলে দিয়েছিল। শেষ বল পর্যন্ত লড়েছি আমরা। দুর্দান্ত লড়াইয়ের পরে শেষ পর্যন্ত আমাদের থেকে যেতে হল পরাজিতদের দলেই। তবে এই ম্যাচ থেকেও অনেক ইতিবাচক শিক্ষা নিয়ে বাড়ি ফিরছি।’’

তিনি আরও বলেন, ‘‘এটা খুবই লজ্জার যে, বল স্টোকসের ব্যাটে লেগে চার হয়ে গেল। খেলার গতিতেই এটা হয়ে গেছে। কী আর করা যাবে। তবে আশা করব, এই ঘটনা আর কোনো ম্যাচে না হয়। এভাবে কেউ যেন আর না হারে।’’

তবে ম্যাচ হারলেও গোটা বিশ্বকাপে ৫৭৮ রান করে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন উইলিয়ামসনই। এদিন শচীন টেন্ডুলকারের হাত থেকে সেই পুরস্কার নিয়ে তিনি বলেন, ‘‘বিশ্বকাপটা জেতার জন্য ইংল্যান্ডকে ধন্যবাদ। ছেলেরা (কিউইরা) বিশ্বকাপটা হাত থেকে ছিটকে যাওয়ায় মুষড়ে পড়েছে। বিশ্বকাপ জিতে ফিরতে পারলে এই পুরস্কার আরও মধুর হত।’’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.