নিজস্ব প্রতিবেদক।।
সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রতারণার মাধ্যমে বিক্রির সঙ্গে জড়িত এক শিক্ষার্থীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। শিশু আইনের বিধান অনুযায়ী আটক ওই শিক্ষার্থীর নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর শালবন এলাকার আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়। এ সময় অভিযুক্তের কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁসে ব্যবহৃত ডিভাইস উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আটক শিক্ষার্থী চারটি ভুয়া প্রশ্নপত্র বিক্রি করেছে। প্রতিটি প্রশ্নপত্র এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। পুলিশের কাছে এমন তথ্য স্বীকার করেছে ওই শিক্ষার্থী।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সদর দপ্তরের সহযোগিতা ও এলআইসি শাখার অনুসন্ধানে সংশ্লিষ্ট প্রতারকের অবস্থান শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শালবন এলাকার ওই ছাত্রাবাসে অভিযান পরিচালনা করা হয়।
আটক শিক্ষার্থী আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শিশু আইনের বিধান অনুযায়ী তার নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ না করা হলেও জানা গেছে, তার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা এলাকায়।
উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করেছে। তার ব্যবহৃত স্মার্টফোনে সংশ্লিষ্ট কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে এবং বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টেও আর্থিক লেনদেনের তথ্য মিলেছে।
এ ঘটনায় অনলাইনে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে শিক্ষার্থী ডিবি হেফাজতে রয়েছে বলে তিনি জানান।
শিক্ষাবার্তা /এ/ ০১ /০৫/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
