এইমাত্র পাওয়া

অন্তর্বর্তী সরকার ৯০ শতাংশ সফল

নিজস্ব প্রতিবেদক।।

অন্তর্বর্তী সরকারের শেষ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে নির্বাচন, অর্থনীতি ও শপথ অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দাবি করেন, উপদেষ্টারা সবাই দেশেই আছেন। তারা দেশের গর্বিত সন্তান। শপথের দিন তারা থাকবেন। অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালনে ৯০ শতাংশ সফল হয়েছে। গতকাল রবিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, নির্বাচনপরবর্তী সময়ে দেশের কোথাও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি। এটি প্রথম নির্বাচন, যার পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলার খবর পাওয়া যায়নি। প্রেস সচিব বলেন, এই নির্বাচন অনেক দিক দিয়েই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। সবচেয়ে কম সহিংসতা হয়েছে। ১৯৯১ সালের নির্বাচনে ৮৭টি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটলেও এবার তা ছিল খুবই নগণ্য।

স্বরাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে তিনি বলেন, চারজনের মৃত্যুর খবর এলেও প্রকৃত নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথসহ সব পর্যবেক্ষক দল নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছে। বৈঠকে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জানিয়ে প্রস্তাব গৃহীত হয়েছে। উপদেষ্টাদের দেশত্যাগ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, উপদেষ্টারা সবাই দেশেই আছেন। তারা দেশের গর্বিত সন্তান। শপথের দিন তারা থাকবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্নে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের ডায়েরিতে অবসর বলে কিছু নেই। তিনি একজন গর্বিত বাংলাদেশি।

প্রেস সচিব বলেন, ভঙ্গুর অর্থনীতি ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার। সেই অবস্থা প্রতিহত করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে। ২০২৪ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৫ বিলিয়ন ডলার। বর্তমানে তা ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দিয়ে ছয় মাসের খাদ্য আমদানি সম্ভব। এ ছাড়া গত ১৮ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি। অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালনে ৯০ শতাংশ সফল হয়েছে।

শিক্ষাবার্তা /এ/১৬ /০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.