নিজস্ব প্রতিবেদক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার উপস্থাপন করেন। ইশতেহারে প্রধান প্রতিশ্রুতি হিসেবে দেশজুড়ে ‘ফ্যামিলি কার্ড’ চালু করে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা বা সমমূল্যের পণ্য সরবরাহ নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে।
‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে ঘোষিত এই ইশতেহারকে মোট ৯টি মূল প্রতিশ্রুতিতে ভাগ করা হয়েছে। এতে প্রশাসন ও জনপ্রশাসন সংস্কারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইশতেহারের জনপ্রশাসন অধ্যায়ে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল যথাসময়ে বাস্তবায়ন করা হবে।
ইশতেহারে উল্লেখ করা হয়, রাষ্ট্র পরিচালনায় মেধা, দক্ষতা ও সততার ভিত্তিতে প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর। সে লক্ষ্যে বেসামরিক ও সামরিক প্রশাসনে মেরিটোক্রেসি নিশ্চিতকরণের ঘোষণা দেওয়া হয়েছে। নিয়োগ, বদলি ও পদোন্নতিতে যোগ্যতাকেই একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে বলে জানানো হয়।
বিএনপি জানায়, সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় বর্তমানে প্রায় পাঁচ লক্ষের বেশি শূন্য পদ রয়েছে। এসব পদে যত দ্রুত সম্ভব সম্পূর্ণ স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক প্রক্রিয়ায় মেধাবী তরুণ-তরুণীদের নিয়োগ দেওয়া হবে।
ইশতেহারে অন্তর্বর্তী সরকারের গৃহীত প্রশাসনিক সংস্কারকে অপর্যাপ্ত উল্লেখ করে ‘প্রশাসনিক সংস্কার কমিশন’ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। যোগ্য, অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে এই কমিশন গঠন করে জনপ্রশাসন পুনর্গঠন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।
এছাড়া জবাবদিহিমূলক ও জনবান্ধব জনপ্রশাসন গঠনের কথা বলা হয়েছে। এ লক্ষ্যে একটি যথোপযুক্ত সিভিল সার্ভিস আইন প্রণয়নের অঙ্গীকার রয়েছে। প্রশাসনের সব স্তরে ই-গভর্ন্যান্স চালু, দেশ-বিদেশে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-কে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও ইশতেহারে অন্তর্ভুক্ত।
ইশতেহারে আরও বলা হয়, বেসরকারি খাতের কর্মজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন করা হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব বৃদ্ধি ও দলীয়করণ বন্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেয় বিএনপি।
দলটির মতে, ব্যক্তিগত বিশ্বাস বা দলীয় আনুগত্য নয়—বরং সততা, মেধা, দক্ষতা, দেশপ্রেম ও অভিজ্ঞতার ভিত্তিতেই প্রশাসন, পুলিশ ও রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান পরিচালিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল