এইমাত্র পাওয়া

কোটালীপাড়ায় সহকারী শিক্ষিকার বদলি দাবিতে ক্লাস বন্ধ, শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ

নিউজ ডেস্ক।। 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার বদলির দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। এ দাবির পরিপ্রেক্ষিতে সোমবার বিদ্যালয়ের দ্বিতীয় শিফটের ক্লাস বন্ধ থাকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা মন্ডল জানান, বেলা ১১টার দিকে কয়েকজন অভিভাবক বিদ্যালয়ে এসে শ্রেণিকক্ষ থেকে তাদের সন্তানদের নিয়ে যান। এ সময় তারা সহকারী শিক্ষক তপতী বাড়ৈর স্থায়ী বদলি না হলে সন্তানদের স্কুলে না পাঠানোর আল্টিমেটাম দেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়।
এ ঘটনার পর উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে অভিযুক্ত শিক্ষিকাকে অন্যত্র বদলি করার মৌখিক নির্দেশনা দেন।

শিক্ষার্থী অভিভাবক এমদাদ আলী বলেন, তপতী বাড়ৈ বিদ্যালয়ে যোগদানের পর থেকেই নানা সমস্যা দেখা দেয়।

তিনি নিয়মিত স্কুলে আসেন না, ঠিকমতো ক্লাস নেন না এবং অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তারা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। তদন্ত হলেও এক মাস পেরিয়ে যাওয়ার পরও স্থায়ী বদলির সিদ্ধান্ত হয়নি।
আরেক অভিভাবক শাহনাজ বেগম অভিযোগ করে বলেন, সহকারী শিক্ষক তপতী বাড়ৈ অন্য শিক্ষকদের সঙ্গেও ভালো আচরণ করেন না।

তার বিরুদ্ধে ক্লাসে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। এ কারণে অনেক শিক্ষার্থী তাকে ভয় পায়।
তবে অভিযুক্ত শিক্ষক তপতী বাড়ৈ এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত জানান, ঘটনার খবর পেয়ে তিনি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানান। তার নির্দেশনায় বিদ্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে।

আপাতত তপতী বাড়ৈকে লোহারঙ্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে বদলি করা হয়েছে। পাশাপাশি তার স্থায়ী বদলির প্রক্রিয়াও চলমান রয়েছে। 

শি/ জা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.