নিউজ ডেস্ক।।
নানা জটিলতায় নবম জাতীয় পে-স্কেল দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। জাতীয় বেতন কমিশনের পূর্ণাঙ্গ সভা আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই বৈঠকেই গ্রেড সংখ্যা ও বেতন কাঠামোসহ গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে কমিশন।
বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য ২০টি গ্রেড চালু রয়েছে। তবে কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন বৈঠকে গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাব আলোচনায় আসতে পারে। এ বিষয়ে কমিশনের সদস্যদের মধ্যে ভিন্নমত রয়েছে।
কমিশনের একাংশের সদস্যদের মত হলো, বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে যৌক্তিক হারে বেতন-ভাতা বৃদ্ধি করা উচিত। অন্যদিকে কমিশনের আরেকটি অংশের জোরালো অবস্থান হচ্ছে, গ্রেড সংখ্যা ২০টি থেকে কমিয়ে ১৬টিতে নামিয়ে আনা প্রয়োজন, যাতে বেতন কাঠামো আরও সহজ ও বাস্তবসম্মত হয়।
জাতীয় বেতন কমিশনের দাবি, নবম পে-স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে পাওয়া মতামতগুলো গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। ইতোমধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদনের লেখার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কমিশনের লক্ষ্য হলো একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সুপারিশ প্রস্তুত করা।
কমিশন সূত্র আরও জানায়, আজকের পূর্ণ সভায় বাকি বিষয়গুলোতেও সদস্যরা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবেন। সভা শেষে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার চূড়ান্ত সময়সূচিও নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
