নিজস্ব প্রতিবেদক।।
সাভারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) রাতে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, এদিন দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন—নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার দুবরাগপুর গ্রামের আবু তাহেরের ছেলে তানভীর আহমেদ (২৩), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দুয়াজানি গ্রামের স্বপন হালদারের ছেলে পার্থ হালদার (২৪), কক্সবাজার সদর থানার দীপক বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (২২), ভোলা জেলার কাজিরহাট থানার ছারপাতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাঈম ইসলাম (২৩) এবং পাবনা জেলার ভাঙ্গুরা থানার ভোলামারি গ্রামের রবিউল করিমের ছেলে আব্দুর রহমান (২৪)।
তারা সবাই সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে সাভারের সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের ভেতরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান পালন করা হয়। বিষয়টি জানতে পেরে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মীর আখতার হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভারের খাগান এলাকা থেকে ৫ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
