ঢাকাঃ জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর প্রবেশপত্র শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে পাঠানো হয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, আজ রবিবার (২১ ডিসেম্বর) প্রবেশপত্র বিতরণের শেষ দিন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে পাঠানো প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে। প্রবেশপত্রে কোনো ভুল বা অসংগতি থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের আবেদনসহ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।
অন্যদিকে, নীতিমালা অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এই পাঁচটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে মোট নম্বর থাকবে ৪০০।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চার দিনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
রুটিন অনুযায়ী, ২৮ ডিসেম্বর রোববার বাংলা (বিষয় কোড ১০১), ২৯ ডিসেম্বর সোমবার ইংরেজি (১০৭), ৩০ ডিসেম্বর মঙ্গলবার গণিত (১০৯) এবং ৩১ ডিসেম্বর বুধবার বিজ্ঞান (১২৭) ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে প্রতিটির জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা ৩০ মিনিট করে। ফলে ওই দিন মোট ৩ ঘণ্টা পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার প্রশ্নপত্র জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের আলোকে প্রণয়ন করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
