ঢাকাঃ নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়েছেন সরকারি কর্মচারী নেতারা। এ লক্ষ্যে আজ রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টার দপ্তরে একটি চিঠি হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন বলেন, আমরা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছি। আজ অফিসে না থাকায় উনার সঙ্গে দেখা হয়নি। উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে, পে স্কেল ও কর্মচারীদের সমস্যা নিয়ে অর্থ উপদেষ্টাও অবগত আছেন। এ সময় খুব দ্রুত উপদেষ্টার কার্যালয় থেকে কর্মচারী নেতাদের ডাকা হবে বলে আশা প্রকাশ করেছেন নেতারা।
এদিকে আগামীকাল ১৫ ডিসেম্বর শেষ হচ্ছে কর্মচারীদের আল্টিমেটাম। এর আগে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। ওই কমিশনের ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মচারীদের দাবি ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবীর বলেন, আমরা দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা বৈঠক করেছি। প্রথমত অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করে আমরা পে স্কেল দেয়ার যৌক্তিকতা ও দাবি জানাবো। তার প্রতিক্রিয়া অনুযায়ী আমরা ১৫ ডিসেম্বর সভা করে সিদ্ধান্ত নেবো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
