এইমাত্র পাওয়া

বেরোবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

রংপুরঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে রংপুর নগরীর দমদমা বধ্যভূমিতে শোক র্যালি ও শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি তাঁর বক্তব্যে শহিদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, বুদ্ধিজীবী হিসেবে শুধু শিক্ষক সমাজই নয়, বরং দেশের বিভিন্ন পেশার মানুষের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জুলাই বিপ্লবে শহিদ আবু সাঈদসহ অনেক তরুণ শিক্ষার্থীরা বৈষ্যম্যমুক্ত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবী হত্যাকান্ড সংঘটিত হয়েছে। রংপুর অঞ্চলেও অনেক বুদ্ধিজীবী নির্যাতনের শিকার হয়েছেন, কেউ কেউ শহিদ হয়েছেন এবং অনেকে নিখোঁজ হয়েছেন। স্থানীয় ইতিহাস, স্মৃতিচারণ ও গবেষণালব্ধ তথ্য তাঁদের আত্মত্যাগের স্পষ্ট সাক্ষ্য বহন করে। বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অনুপ্রেরণাকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যলয়ের সব অগ্রযাত্রায় সবাই শরিক হয়ে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে হবে।

শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ খন্দকার গোলাম মোস্তফা এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী খোকন ইসলামসহ আরো অনেকে।

আলোচনা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বেরোবি কেন্দ্রিয় মসজিদ খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। আলোচনা ও দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading