এইমাত্র পাওয়া

বেসরকারি শিক্ষক নিবন্ধনে নতুন গেজেট প্রকাশ, পরীক্ষায় আসছে পরিবর্তন

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালার নতুন গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন বিধিমালা অনুযায়ী এখন থেকে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার (১০ ডিসেম্বর) এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, পরীক্ষা নির্বাচনী বা বাছাই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনী বা বাছাই পরীক্ষার বিষয়, ব্যাপ্তি ও নম্বর নির্ধারণ করবে কর্তৃপক্ষ। এই পরীক্ষায় মোট নম্বরের অন্যূন ৪০ শতাংশ পেলে উত্তীর্ণ হিসেবে গণ্য করা হবে। বিষয় ও পদ অনুযায়ী শূন্যপদের ১:২ (১ অনুপাত ২) অনুপাতে নির্বাচনী বা বাছাই পরীক্ষার ফল প্রকাশ করবে এনটিআরসিএ।

ফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষায় মোট নম্বর থাকবে ২০ এবং এখানেও পাশ নম্বর হবে মোট নম্বরের ন্যূনতম ৪০ শতাংশ।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্য প্রার্থী নির্বাচন নিশ্চিত করার জন্য জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দায়িত্ব পালন করে থাকে। সংস্থাটির নিজস্ব পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের একটি মেধাতালিকা তৈরি করা হয় এবং এই তালিকার ভিত্তিতে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.