২৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাকৃবিতে জাতীয় ভাষা উৎসব শুরু

ময়মনসিংহঃ দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তৃতীয়বারের মতো শুরু হয়েছে ‘জাতীয় ভাষা উৎসব-২০২৫’। দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ভাষাবিষয়ক সংগঠন বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব (বাউএলসি)।

উৎসবটি দুই পর্বে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম পর্ব শুক্রবার (৫ ডিসেম্বর) বিভিন্ন ভাষায় দক্ষতা যাচাই প্রতিযোগিতা ও বর্ণকুঞ্জ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়। দ্বিতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান ও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

এদিন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গ্যালারিতে ভাষা উৎসবের ভাষা দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাকৃবি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ভাষা প্রতিযোগিতায় ৬টি ভাষার ওপর ১০টি বিভাগ (সাহিত্য উৎসব প্রথম ও দ্বিতীয় পর্ব, ব্যাকরণ ব্যঞ্জন, জার্মানি, জাপানিজ, স্প্যানিশ, আরবি, বাংলা ও ইংরেজি ভাষা, কানেকটেড ডট, ফিকশন ফিউশন) থেকে বিজয়ী মোট ২৫ জনকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকছে মেডেল, সার্টিফিকেট, টি-শার্ট এবং চল্লিশ হাজার টাকা সম্মাননা।

প্রতিযোগিতার শেষ পর্বে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আলোচনা সেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। আলোচনা সেশনে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন লেখক সাদাত হোসাইন, শৈল্পিকভাবে কথা বলার কৌশল বিষয়ে আলোচনা করবেন মৌসুমি মৌ এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কলাকৌশল নিয়ে আলোচনা করবেন জয় চৌধুরী। এছাড়া বিভিন্ন বিষয়ের আরও অতিথিরা বক্তব্য রাখবেন।

এ বিষয়ে বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা মাহাবুব রাফি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম‌ধ্যে ভাষা বিষয়ে আগ্রহ চমকপ্রদ। তাদের ভাষাগত দক্ষতা যাচাই এবং যোগাযোগ দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। যেখানে সবাই বিভিন্ন দেশের ভাষা নিয়ে চর্চা করতে পারে। এই ভাষা উৎসবে দেশের ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। আর্ট, সাহিত্য ও সংস্কৃতির ওপর একটি মেলার আয়োজন করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা প্রযুক্তির বাইরে পুরোনো সংস্কৃতির ভিন্ন স্বাদ নিতে পারবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading