নিউজ ডেস্ক।।
রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি চলাকালে বক্তব্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তো।লপাড় শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশের ন্যায় রাজশাহীতেও ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। এরই এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
সেই স্লোগানদাতার নাম বেলাল হোসেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ব্লাড ব্যাংকের টেকনোলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত বলে জানা গেছে।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে রামেক হাসপাতাল চত্বরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অর্ধদিবস কর্মবিরতি পালন করে। এসময় হাসপাতালের রক্ত পরীক্ষা, এক্স–রে, সিটি স্ক্যান, এমআরআইসহ গুরুত্বপূর্ণ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকে। ফলে ভর্তি রোগী ও বহির্বিভাগে আগতদের ভোগান্তি পোহাতে হয়। দাবি আদায়ে অবস্থান কর্মসূচিতে তারা সম্মিলিতভাবে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিতে থাকেন।
এক পর্যায়ে বক্তব্য দিতে শুরু করেন টেকনোলজিস্ট বেলাল হোসেন। এসময় দাবি আদায়ের বিভিন্ন যৌক্তিকতা ও বৈষম্যের চিত্র তুলে ধরেন তিনি। তবে বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন তিনি। এসময় তাকে বেশ উৎফুল্ল দেখা যায়। এছাড়াও তার আশপাশে থাকা আন্দোলনকারীদের হাসাহাসি করতে দেখা গেছে। মুহূর্তেই সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে বেলাল হোসেনকে একাধিকবার ফোন করলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো মন্তব্য জানা যায় নি। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাইদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। দীর্ঘ সময় আমাদের অনেক সময় অনেকভাবেই জোর করে এরকম স্লোগান দেওয়ানো হয়েছে। আমার হঠাৎ করে মুখ থেকেই স্লোগানটা বের হয়ে গেছে। টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট জাতির কাছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। আমার ভুলের জন্য সকল টেকনোলজিস্ট এর পায়ে হাত দিয়ে ক্ষমা চাচ্ছি। ইতিপূর্বে এরকম ভাষণ দেওয়ার কোনো অভিজ্ঞতা আমার ছিল না। হঠাৎ করে আজকে ভাষণ দিতে যে (গিয়ে) ভুল করে বসেছি। আমি আবারও সকল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সকলেই আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’
রাজশাহী জেলা মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের (এমটিএফ) সভাপতি মামুন অর রশিদ বলেন, এখানে বিএনপিপন্থী আমাদের যে পেশাজীবী সংগঠন আছে এমট্যাব এবং জামায়াতপন্থী যে পেশাজীবী সংগঠন আছে এমটিএফ। তাদের যৌথ প্রযোজনায় এবং যৌথ ব্যবস্থাপনায় এই প্রোগ্রাম চলেছে। আর উনি যে বক্তব্য দিয়েছেন এটা আমার নখদর্পণে ছিল না। এটার জন্য সেই মূলত দায়ী। আর যে বক্তব্য দিয়েছে তার বিষয়ে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিবো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
